প্রজাপতির রঙিন ডানায় জীববৈচিত্র্যের বার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণ শিশু-কিশোরদের উচ্ছ্বাস আর দর্শনার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে। প্রজাপতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা নিয়ে জাবি ক্যাম্পাসে ১৬তম প্রজাপতি মেলা শুরু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের আয়োজনে দিনব্যাপী এ মেলা শুরু হয়। মেলাকে ঘিরে শিশুদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস।

ঢাকার মিরপুর থেকে সন্তানদের নিয়ে মেলায় আসা দর্শনার্থী অবন্তী বিনতে হোসেন বলেন, ‘শিশুদের প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে জানার আগ্রহ তৈরি করতেই তাদের নিয়ে মেলায় এসেছি। এখানে এসে তারা কাছ থেকে প্রজাপতি দেখতে পারছে। এমন আয়োজন শিশুদের জন্য বেশ আনন্দদায়ক ও শিক্ষণীয়। বিশেষ করে প্রজাপতি সম্পর্কে বাস্তবে জানার সুযোগ পেয়ে তারা খুবই আনন্দিত।’

কানে ফুল লাগিয়ে মনোযোগ দিযে প্রজাপতি দেখায় ব্যস্ত শিশু। ছবি: ক্যাম্পাস প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া বিনতে হক বলেন, ‘আয়োজনটি খুবই সুন্দর হয়েছে। পুরো পরিবেশটাই বেশ উপভোগ্য। এমন একটি ব্যতিক্রমধর্মী আয়োজন করতে পেরে আয়োজকদের ধন্যবাদ জানাই। আমরা খুবই আনন্দিত। আশা করি প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’

মেলার আয়োজক কমিটির সভাপতি ও প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন,‘আমরা মূলত প্রজাপতি মেলার আয়োজন করি প্রজাপতির গুরুত্ব ও প্রকৃতিতে তাদের ভূমিকা সম্পর্কে মানুষকে জানাতে। প্রজাপতি পরাগায়নের মাধ্যমে সবুজ বনভূমি ও উদ্ভিদজগৎ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ 

তিনি বলেন, ‘এ মেলার মাধ্যমে আমরা সবাইকে প্রজাপতি সম্পর্কে জানার এবং তাদের সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানাই। যেন আগামী দিনগুলোতে আমরা প্রজাপতির পাশাপাশি গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখতে পারি। আজকের এ আয়োজনে শিশুদের অংশগ্রহণ ও ছোটবেলা থেকেই তাদের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বোধ তৈরি করতে পারলে ভবিষ্যতে তারাই এ কাজে ভূমিকা রাখবে।’

JU (2)

দিনব্যাপী এ মেলায় আয়োজনে আরও রয়েছে পুরস্কার বিতরণ, বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা, পাপেট শো ও অরিগ্যামি প্রদর্শনী। শিশু-কিশোরদের জন্য রয়েছে ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা। এ ছাড়া প্রজাপতির আদলে রঙিন ঘুড়ি ওড়ানো, বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি শনাক্তকরণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন), বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।