ছোট ভাইয়ের কোদালের আঘাতে মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নবিরুল ইসলামকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দেলোয়ার হোসেন (৬৭) কোতোয়ালীবাগ গ্রামের মৃত জামতুল্লাহ মন্ডলের ছেলে। অভিযুক্ত নবিরুল ইসলাম (৫৫) একই এলাকার বাসিন্দা

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, দেলোয়ার হোসেনের সঙ্গে তার ছোট ভাই নবিরুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেলোয়ার জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নবিরুল ইসলাম কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনার পর পরই স্থানীয় লোকজন নবিরুল ইসলামকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।