নারায়ণগঞ্জে মাঠে মেলার আয়োজন, এলাকাবাসীর প্রতিবাদ

নারায়ণগঞ্জ শহরের নগর খানপুরে ঐতিহ্যবাহী বরফকল খেলার মাঠ দখল করে সেখানে মাসব্যাপী মেলা আয়োজনে বাধা দিয়েছে খেলোয়ার ও এলাকাবাসী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে খেলার মাঠ দখল করে মেলা বসানোর অপচেষ্টার প্রতিবাদে খেলোয়ার ও এলাকাবাসী চাষাঢ়া-আদমজী আঞ্চলিক সড়ক আধা ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে নেয়। 

খেলোয়ার ও এলাকাবাসী জানান, বরফকল খেলার মাঠটিতে দীর্ঘদিন ধরে কন্টেইনার পোর্ট নির্মাণের সামগ্রী রেখে মাঠটি সংকুচিত করে ফেলা হয়েছে। তার মধ্যে আবার মাসব্যপী বস্ত্র মেলার আয়োজনের লক্ষ্যে বিপুল পরিমাণ বাশ এনে প্যান্ডেল স্থাপনের পায়তারা চলছিল। আমরা তাদের কাছে মেলার অনুমতিপত্র দেখতে চাইলেও কোন অনুমতি পত্র দেখাতে পারেনি। পরে মেলার জন্য ট্রাকযোগে আনা সবধরনের সামগ্রী মাঠ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

মাঠে কোন ধরনের মেলার আয়োজন খেলোয়ার ও এলাকাবাসী মেনে নেবে না। তারা আরও বলেন, অত্র এলাকায় এখন এই একটি মাঠ অবশিষ্ট রয়েছে। দূর দূরান্ত থেকে এখানে অনেকে খেলতে আসে। সরকার ও প্রশাসনের উর্ধতনরা যেখানে কিশোর যুবকদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কথা বলেন সেখানে মাঠ দখল করে মেলার আয়োজন প্রতিহত করা হবে।