ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার চাঁদাবাজি ও মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শর্টগানের গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় এ সংঘর্ষ চলে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামাদ আলী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোকে কেন্দ্র করে মাটি ও শ্রমিক সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমের নিয়ন্ত্রণ নিয়ে এ বিরোধের সূত্রপাত। দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় শর্টগানের গুলি ও টেঁটা নিয়ে হামলার ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি এবং রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত