চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২০

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকায় আকস্মিক মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মিরা। পরে পুলিশ ধাওয়া দিয়ে ২০জনকে আটক করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর এ  মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শী ‍সূত্র জানায়, জুমার নামাজের ঠিক পর পরই নগরীর সিনেমা প্যালেস মোড় থেকে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে হঠাৎ একটি মিছিল বের হয়। মিছিলকারীরা শ্লোগান দিতে দিতে পাবলিক লাইব্রেরির দিকে চলে যায়। পরে পুলিশের একটি দল তাঁদের পেছন থেকে ধাওয়া দিয়ে  বেশ কয়েকজনকে আটক করে ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় মিছিলকারীরা সামনের দিকে পালাতে থাকে বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ে। সেখান থেকে ২০জনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের বিরূদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।