জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার মাধ্যমে সুস্থ ও দীর্ঘ জীবনযাপন সম্ভব; এমন ধারণাকে সামনে রেখে স্বাস্থ্য ও দীর্ঘায়ু বিষয়ে সহযোগিতার উদ্যোগ নিয়েছে থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান জেনেসেন গ্রুপ ও চট্টগ্রামের খুলশী ক্লাব লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার দুপুরে নগরীর খুলশী ক্লাব লিমিটেডে ‘চট্টগ্রাম ওয়েলনেস, লংজিভিটি অ্যান্ড হেলথ এডুকেশন ডে’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। এতে সহযোগী হিসেবে ছিল রেজুভা ওয়েলনেস।
‘১০০ বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকা: সুস্থতা, দীর্ঘায়ু ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের আধুনিক বৈজ্ঞানিক ধারণা, রোগ প্রতিরোধে সচেতনতা এবং ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতা অনুযায়ী চিকিৎসাসেবার গুরুত্ব তুলে ধরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসাব্যবস্থার অন্যতম অগ্রাধিকার এখন রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ, আগাম স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ এবং ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক সুস্থতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সুস্থ দীর্ঘায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু আয়ু বাড়ানো নয়, দীর্ঘ সময় সুস্থ, কর্মক্ষম ও সক্রিয় জীবন নিশ্চিত করাই ওয়েলনেস ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার লক্ষ্য।
দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য চিকিৎসকদের সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ ও স্বাস্থ্যতথ্য পর্যালোচনার ব্যবস্থা ছিল। বিকেলে ওয়েলনেস ও দীর্ঘায়ু বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার ও কর্মশালায় ছয়টি বিষয়ভিত্তিক উপস্থাপনা, প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ সমঝোতার মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে স্বাস্থ্য, ওয়েলনেস ও দীর্ঘায়ু বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিশেষজ্ঞদের যোগাযোগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে খুলশী ক্লাবের সভাপতি মো. সাজ্জাদ উল্লাহ, সাধারণ সম্পাদক মো. শাহজালাল, উপদেষ্টা ডা. এম এ করিম, সদ্য সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি আহমেদুল হক আহমেদ, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সহসভাপতি নাছির উদ্দিন, সাবেক সহসভাপতি অমল চন্দ্র দাশ, অর্থ সম্পাদক মো. শামসুদ্দিন, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী ও মো. ফখরুল আলম, জেনেসেন গ্রুপ থাইল্যান্ডের চিকিৎসক ওম সুচুমফিয়া, প্রতিষ্ঠানটির পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক) ডা. শাহরিয়ারসহ ক্লাবের সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন।