ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের এক দশক উদ্‌যাপন

নীতি-সংলাপ, গবেষণা, উদ্ভাবন ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার এক দশক উদ্‌যাপন করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) অর্থনীতি বিভাগ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ইকোনোব্রিয়াম ৫.০’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘জলবায়ু, জ্বালানি ও অর্থনীতি: বাংলাদেশের জন্য বাস্তবায়নযোগ্য কৌশল প্রণয়ন’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি জাতীয় আয় ও জিডিপির ওপর কী প্রভাব ফেলে, তা মূল্যায়ন করা জরুরি। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার কেবল পরিবেশগত অঙ্গীকার নয়, বরং অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর কৌশল হিসেবে বিবেচনা করতে হবে।

ইডিইউর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্যানেল আলোচনায় অংশ নেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অধ্যাপক হামিদুল হক, স্থপতি ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক সৈয়দা জারিনা হোসেন এবং ইডিইউ ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান।

আলোচনায় অধ্যাপক হামিদুল হক অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল ও পরিবেশগত ব্যয় সমাজের বিভিন্ন শ্রেণির মধ্যে কীভাবে বণ্টিত হচ্ছে, তা বিবেচনার গুরুত্ব তুলে ধরেন। অধ্যাপক সৈয়দা জারিনা হোসেন স্থাপত্য নকশা ও নগর পরিকল্পনায় জ্বালানি-দক্ষতা, ছাদে সৌরবিদ্যুৎ ও বৃষ্টির পানি সংরক্ষণের ওপর জোর দেন। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন জ্বালানি অপচয় রোধ ও বিদ্যুৎ বিতরণব্যবস্থার উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্মার্ট গ্রিড প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনার কথা তুলে ধরেন।

আয়োজনের আহ্বায়ক তাসমীম চৌধুরী বনহির স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের ১০ বছরের পথচলা ও অর্জন তুলে ধরেন স্কুল অব বিজনেসের সহযোগী ডিন রাশেদ আল করিম। সমাপনী বক্তব্য দেন অর্থনীতি প্রোগ্রামের সমন্বয়ক মো. আবু হানিফ। অনুষ্ঠানটির প্লাটিনাম স্পনসর ছিল অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি।

এ ছাড়া দিনব্যাপী আয়োজনে ‘আইডিয়াস ফর ইমপ্যাক্ট (আইফোরআই)’ শীর্ষক গবেষণাভিত্তিক পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতায় টিম থ্যালাসা চ্যাম্পিয়ন, রিডিফাইন পাওয়ার প্রথম রানারআপ এবং সুরক্ষা ক্যাপিটাল দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে ‘ইনোভেশন এক্সপো’ এবং সংগীত ও নৃত্য পরিবেশনায় ‘কালচারাল ক্যানভাস’ অনুষ্ঠিত হয়।