তিন দশকে বাংলাদেশের শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ১৯৯০ সালের ৩৪ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে দাঁড়িয়েছে ৯০ শতাংশে। নিম্ন মাধ্যমিকেও বেড়েছে শিক্ষার্থী ধরে রাখার সক্ষমতা। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এখনো বড় ঘাটতি রয়েছে। শিক্ষার এই অগ্রযাত্রায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)।
সংস্থাটির ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) রিপোর্ট ২০২৬’-এ বাংলাদেশের শিক্ষা খাতের এই চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার প্রসারের পাশাপাশি বাল্যবিবাহ কমা, জন্মহার হ্রাস এবং শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বৃদ্ধির মতো আর্থসামাজিক পরিবর্তন দীর্ঘমেয়াদি অগ্রগতিতে ভূমিকা রেখেছে।
গত মার্চে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ‘অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি: কাউন্টডাউন টু ২০৩০’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-৪) আওতায় ২০৩০ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা সম্ভব না হলেও বাংলাদেশ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসারে বড় সাফল্য দেখিয়েছে।
প্রাথমিক ও নিম্ন মাধ্যমিকে অগ্রগতি
১৯৯০-এর দশকে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার বছরে ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট করে বেড়েছে। ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে এ বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট এবং ২০১৫ সালের পর বছরে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট।
প্রাথমিকের পাশাপাশি নিম্ন মাধ্যমিক শিক্ষা সমাপ্তির হারও ১৯৯০ সালের ২৩ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। এ হার ১৯৯০-এর দশকে বছরে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট, ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে ১ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট এবং ২০১৫ সালের পর বছরে ১ দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট করে বেড়েছে।
উচ্চ মাধ্যমিকে পিছিয়ে বাংলাদেশ
উচ্চ মাধ্যমিক শিক্ষায় অগ্রগতি হয়েছে তুলনামূলক সাম্প্রতিক সময়ে। শিক্ষা সমাপ্তির হারের হিসাবে ১৯৯০-এর দশকে দক্ষিণ এশিয়ার গড় অগ্রগতির তুলনায় বাংলাদেশের অগ্রগতির হার ছিল ৪০ শতাংশ। ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে তা ছিল দক্ষিণ এশিয়ার গড় গতির ৬০ শতাংশ। তবে ২০১৫ সালের পর বাংলাদেশ এ অঞ্চলের চেয়ে দ্রুত এগিয়েছে।
তারপরও ২০২৪ সালে বাংলাদেশে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার আনুমানিক ৩৮ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার ৫৭ শতাংশের তুলনায় অনেক কম।
উচ্চ মাধ্যমিক স্তরের বয়সী তরুণদের স্কুলের বাইরে থাকার হার ২০০৫ সালে ছিল ৭২ শতাংশ। ২০২৩ সালের মধ্যে তা দুই-তৃতীয়াংশ কমে দক্ষিণ এশিয়ার গড় হার ৫৩ শতাংশের নিচে নেমে আসে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো-ব্যানবেইসের তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ২০০৯ সালের ৪২ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ২১ শতাংশ হয়েছে।
ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা
শিক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশে মেয়েদের অগ্রগতি ছেলেদের তুলনায় অনেক বেশি। ইউনেস্কোর হিসাবে, ২০২৪ সালে নিম্ন মাধ্যমিক স্তরের বয়সী কিশোরীদের মাত্র ৪ শতাংশ স্কুলের বাইরে ছিল। কিশোরদের ক্ষেত্রে এ হার ১৫ শতাংশ।
উচ্চ মাধ্যমিক স্তরেও নারী ও পুরুষের মধ্যে ব্যবধান বেড়েছে। ২০১০-এর দশকের শুরু পর্যন্ত এ স্তরের বয়সীদের স্কুলবহির্ভূত থাকার হার প্রায় সমান থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ব্যবধান ব্যাপক হয়েছে। ২০২৪ সালের প্রশাসনিক তথ্য অনুযায়ী, মেয়েদের তুলনায় ৮ শতাংশীয় পয়েন্ট বেশি তরুণ স্কুলের বাইরে রয়েছে। আর খানা জরিপভিত্তিক মডেলে এ ব্যবধান ১০ শতাংশীয় পয়েন্ট।
নারীর আর্থসামাজিক অবস্থার পরিবর্তন
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দশকে বাংলাদেশের নারীদের অবস্থানের পরিবর্তন শিক্ষা বিস্তারে বড় ভূমিকা রেখেছে। ২০২২ সালের জনমিতি ও স্বাস্থ্য জরিপ (ডিএইচএস) অনুযায়ী, দেশে ৪০-৪৪ থেকে ৬০-৬৪ বছর বয়সী প্রতিটি শ্রেণির নারীদের মধ্যে ১৮ বছরের আগে বিয়ের হার ৬০ শতাংশের ওপরে ছিল। তবে পরবর্তী প্রজন্মে এ হার প্রতি বছর ১ শতাংশীয় পয়েন্ট করে কমে ১৮ থেকে ২৪ বছর বয়সীদের ক্ষেত্রে ৩৯ শতাংশে দাঁড়িয়েছে।
এ ছাড়া নারীর গড় সন্তান জন্মদানের হার ১৯৭৫ সালের ৬ দশমিক ৭ থেকে কমে ২০১৫ সালে ২ দশমিক ২-এ নেমেছে। ১৯৯০ সাল থেকে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বছরে শূন্য দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট করে বেড়ে ২০২৩ সালে ৪৪ শতাংশে পৌঁছেছে, যা ভারত (প্রায় ৩০ শতাংশ) ও পাকিস্তানের চেয়ে বেশি।
বিশেষ করে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের বিকাশ মেয়েদের বাল্যবিবাহ বিলম্বিত করতে এবং কর্মসংস্থানের আশায় পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করেছে। তবে কারখানায় কাজের সুযোগের কারণে ১৭ ও ১৮ বছর বয়সী মেয়েদের স্কুলে ভর্তির হারে সামান্য নেতিবাচক প্রভাব পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সরকারি কর্মসূচি ও পরীক্ষার মান নিয়ে উদ্বেগ
শিক্ষার প্রসারে ১৯৯৪ সালে চালু হওয়া ছাত্রী উপবৃত্তি কর্মসূচি (এফএসএসএপি) এবং বিশ্বব্যাংকের সহায়তায় ২০০৫ ও ২০১৩ সালে নেওয়া ঝরে পড়া শিশুদের জন্য ‘রস্ক’ (আরওএসসি) প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
পাশাপাশি ২০০২ থেকে ২০২২ সালের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৬০০ থেকে বেড়ে প্রায় ৮ হাজার হয়েছে। শিক্ষার্থী সংখ্যা বেড়ে ১০ গুণ হয়ে দাঁড়িয়েছে ১৩ লাখে, যাদের তিন-চতুর্থাংশই ছেলে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ঝরে পড়া কমাতে পাবলিক পরীক্ষা সহজ করার উদ্যোগের কথাও উঠে এসেছে প্রতিবেদনে। এর ফলে এসএসসি পরীক্ষায় পাসের হার ২০০৪ সালের ৪৮ শতাংশ থেকে বেড়ে ২০১৪ সালে ৯৩ শতাংশে পৌঁছায়। কোভিড-১৯ মহামারির সময় সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাসের হার দাঁড়ায় ৯৫ শতাংশে।
তবে শিক্ষার সুযোগ বাড়াতে গিয়ে মানের সঙ্গে আপস করা হয়েছে বলে সমালোচনা রয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে ইউনেস্কো বলেছে, উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ৯০ শতাংশেরও বেশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হচ্ছে।
বৈশ্বিক প্রেক্ষাপট
বৈশ্বিক চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের পর থেকে বিশ্বজুড়ে স্কুলবহির্ভূত শিশু কমার গতি স্থবির হয়ে পড়েছে। ২০২৪ সালে বিশ্বে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক বয়সী ২৭ কোটি ৩০ লাখ শিশু ও তরুণ-তরুণী স্কুলের বাইরে ছিল, যা প্রতি ছয়জনে একজন। ২০১৫ সালের তুলনায় এ সংখ্যা ৩ শতাংশ বেড়েছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে বিশ্বব্যাপী উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার ৯৫ শতাংশে পৌঁছাতে ২১০৫ সাল পর্যন্ত সময় লাগবে বলে সতর্ক করেছে ইউনেস্কো।