২১ নভেম্বর দেশ রূপান্তরে ‘বদলে গেছে পেঁয়াজের গল্প’ শিরোনামে প্রকাশিত বার্তাটি স্বস্তির। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘এ বছর পেঁয়াজের গল্পটা পুরোপুরি ভিন্ন। চিত্র বদলেছে। প্রতি বছর যেখানে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ নিয়ে ভোগান্তিতে পড়তে হতো, সেটা এবারে একেবারেই নেই। চাহিদার বেশি উৎপাদন, সিন্ডিকেটের নিয়ন্ত্রণমুক্ত হওয়া ও সংরক্ষণ-ব্যবস্থার উন্নতির কল্যাণে একই সময়ে পেঁয়াজের দাম না বেড়ে বরং কমছে। এর মধ্যে আবার নতুন মৌসুমের পাতা-পেঁয়াজ বাজারেও আসতে শুরু করেছে’। এক সময় বাংলাদেশের পেঁয়াজের বাজার মানেই ছিল অস্থিরতা, মূল্যবৃদ্ধি আর আমদানির তোড়জোড়। বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের সরবরাহ ও দাম নিয়ে ভোক্তা, কৃষক, ব্যবসায়ী ও সরকারের মধ্যে উদ্বেগ তৈরি হতো। কখনো ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা, কখনো অভ্যন্তরীণ সরবরাহ সংকট, আবার কখনো অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেটের কারসাজির অভিযোগে বাজার উত্তপ্ত হয়ে উঠত। পরিস্থিতি সামাল দিতে মিয়ানমার, পাকিস্তান, চীন ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি হয়েছে। এমনকি একসময় উড়োজাহাজে করেও পেঁয়াজ আনার নজির তৈরি হয়েছিল। অতীতের অস্থিরতার বড় উদাহরণ ২০১৯ সাল। ওই বছরের ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করলে বাংলাদেশের বাজারে এর তাৎক্ষণিক প্রভাব পড়ে। সংকট সামাল দিতে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির পাশাপাশি বড় করপোরেট প্রতিষ্ঠান তুরস্ক থেকে উড়োজাহাজে পেঁয়াজ আনে। পরবর্তী বছরগুলোতেও ভারতসহ বিভিন্ন দেশের ওপর আমদানিনির্ভরতা বজায় থাকে। অথচ এবার পর্যাপ্ত দেশীয় উৎপাদনের কারণে চাহিদা মেটাতে পেঁয়াজ আমদানি করতে হয়নি।
এই পরিবর্তনের মূল ভিত্তি পেঁয়াজ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি। বিবিএস ও ডিএইর তথ্য অনুযায়ী, গত মৌসুমে দেশে ৩৮ লাখ টনের বেশি পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যা আগের মৌসুমের ৩২ লাখ টনের বেশি উৎপাদনকে ছাড়িয়ে গেছে। এর আগে দেশে পেঁয়াজ উৎপাদন কখনো ৩০ লাখ টন অতিক্রম করেনি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাব অনুযায়ী, দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ২৮ থেকে ৩০ লাখ টন। অথচ ২০২১-২২ অর্থবছরে উৎপাদন ছিল মাত্র ২৫ লাখ ১৭ হাজার টন। ফলে ঘাটতি পূরণে প্রতি বছর ৬ থেকে ৭ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হতো। সেই নির্ভরতা কাটিয়ে দেশীয় উৎপাদন এখন চাহিদার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কৃষকের বাড়তি আগ্রহ, উন্নত জাতের সম্প্রসারণ, গবেষকদের উদ্ভাবন এবং কৃষি বিভাগের মাঠপর্যায়ের উদ্যোগ সম্মিলিতভাবে এ অগ্রগতিতে ভূমিকা রেখেছে। পেঁয়াজের বাজারে এবারের স্বস্তি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানিনির্ভরতা কমে আসারও ইঙ্গিত দিচ্ছে। অতীতে দাম বাড়লেই আমদানির অনুমতি দেওয়ার জন্য সরকারের ওপর চাপ তৈরি হতো। এমনকি পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে। গত বছরও বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মুখে সরকার প্রাথমিকভাবে আমদানি বন্ধ রাখার অবস্থান থেকে সরে এসে ৭ ডিসেম্বর সীমিত পরিসরে আমদানির অনুমতি দেয়। পরে ভারত থেকে প্রায় ৮৬ হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতীয় রপ্তানি নিষেধাজ্ঞা, উৎপাদন ও সরবরাহের ঘাটতি এবং ব্যবসায়ীদের কারসাজির অভিযোগে বিভিন্ন সময়ে বাজার অস্থির হয়েছে।
পেঁয়াজ উৎপাদনে অগ্রগতি হলেও সংরক্ষণজনিত অপচয় এখনো বড় সমস্যা। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) তথ্যমতে, সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতায় বিভিন্ন কৃষিপণ্যে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়। এর মধ্যে শুধু পেঁয়াজেই নষ্ট হয় ২ হাজার কোটি টাকার বা তারও বেশি মূল্যের পণ্য। উৎপাদিত পেঁয়াজের ২৫ শতাংশ বা তারও বেশি, অর্থাৎ বছরে প্রায় ৪ থেকে ৫ লাখ টন নষ্ট হয়। ফলে মৌসুমে অতিরিক্ত সরবরাহে কৃষক কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হন, আর পরবর্তী সময়ে মজুদ কমে গেলে ভোক্তাকে কিনতে হয় বেশি দামে। এ অপচয় কমাতে সরকার কৃষক পর্যায়ে এয়ার ফ্লো মেশিন বিতরণ করছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচিতে ৪ হাজার, পরবর্তী অর্থবছরে প্রথম ও দ্বিতীয় দফায় যথাক্রমে ৪ হাজার ও ১৫ হাজার এবং অন্যান্য কর্মসূচিতে আরও ৩ হাজার ৭০০টি মেশিন বিতরণ করা হয়েছে। মন্ত্রণালয়ের হিসাবে, এ পর্যন্ত মোট ২৭ হাজার ৭০০টি মেশিন সরবরাহের ফলে পেঁয়াজ সংরক্ষণ সক্ষমতা বেড়েছে প্রায় ৩ লাখ টন। এসব মেশিন পচন কমিয়ে সংরক্ষণকাল বাড়াতে সহায়ক। তবে এর সুফল পেতে যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। পেঁয়াজ সংরক্ষণে নতুন সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের গামা ই-রেডিয়েশন বা বিকিরণ প্রযুক্তি। এ প্রযুক্তি পেঁয়াজের অঙ্কুরোদ্গম ও পচন কমিয়ে সংরক্ষণকাল বাড়াতে পারে। এ উদ্দেশ্যে গাজীপুরে একটি গামা ই-রেডিয়েশন কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, যথাযথ প্রয়োগে পেঁয়াজের পচন ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এর কার্যকারিতা, ব্যয়, বাণিজ্যিক সম্ভাবনা ও কৃষক পর্যায়ে ব্যবহারযোগ্যতা যাচাই করা জরুরি। পাশাপাশি উৎপাদন এলাকার কাছাকাছি উপযুক্ত তাপমাত্রা ও বায়ু চলাচল সুবিধাসম্পন্ন আধুনিক সংরক্ষণকেন্দ্র, সহজলভ্য পরিবহন এবং প্রক্রিয়াজাতকরণ অবকাঠামো গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগও বাড়াতে হবে।
কৃষি সংশ্লিষ্টদের মতে, পর্যাপ্ত দেশীয় উৎপাদনের কারণেই এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি। এ সাফল্যে কৃষক, কৃষি সম্প্রসারণ কর্মী ও গবেষকদের সম্মিলিত অবদান রয়েছে। উন্নত জাত উদ্ভাবন ও সম্প্রসারণের পাশাপাশি কৃষকের অভিজ্ঞতা, প্রযুক্তির ব্যবহার এবং বাজারের চাহিদা সম্পর্কে সচেতনতা উৎপাদন বাড়াতে সহায়তা করেছে। অতীতে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিও কৃষকদের এ ফসল চাষে আগ্রহী করেছে। তবে উৎপাদন বৃদ্ধির সুফল কৃষকের আয় ও মুনাফায় প্রতিফলিত না হলে এ অগ্রগতি টেকসই হবে না। সংরক্ষণ সুবিধার অভাবে মৌসুমে কম দামে পেঁয়াজ বিক্রি করে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। পেঁয়াজের এবারের অভিজ্ঞতা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কৃষিপণ্যের বাজারে স্থিতিশীলতা আনতে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে হবে। কৃষককে কখন, কতটুকু পেঁয়াজ উৎপাদন করবেন এবং কোথায় ও কীভাবে বিক্রি বা সংরক্ষণ করবেন, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য ও পরামর্শ দিতে হবে। উৎপাদন মৌসুমে অতিরিক্ত সরবরাহের কারণে দাম কমে গেলে কৃষকের স্বার্থরক্ষায় সরকারি ক্রয়ব্যবস্থা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা যেতে পারে। পাশাপাশি কৃষক সমবায়, উৎপাদক সংগঠন ও চুক্তিভিত্তিক বিপণনব্যবস্থা শক্তিশালী করলে মধ্যস্বত্বভোগীদের অযৌক্তিক প্রভাব কমবে এবং কৃষক ন্যায্য দাম পাবেন। একই সঙ্গে দৈনিক চাহিদা, সরবরাহ, মজুদ ও মূল্য পরিস্থিতির নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করতে হবে। এতে ভোক্তা প্রকৃত বাজার পরিস্থিতি জানতে পারবেন এবং কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগও কমবে।
এবারের উৎপাদন সাফল্য থেকে শিক্ষা নিয়ে পেঁয়াজের পাশাপাশি অন্যান্য কৃষিপণ্যের জন্যও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। আলু, টমেটো, রসুন, আদা, বিভিন্ন ফল ও সবজি উৎপাদনে বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনা থাকলেও সংরক্ষণ ও বাজারজাতকরণের দুর্বলতায় এসব পণ্যের বড় অংশ নষ্ট হয় এবং কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। আধুনিক সংরক্ষণাগার, কোল্ড চেইন, প্রক্রিয়াজাতকরণ শিল্প, উপযুক্ত পরিবহন অবকাঠামো ও রপ্তানিমুখী মান নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তুলতে পারলে কৃষির অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়বে। পেঁয়াজের উদ্বৃত্ত উৎপাদনকে কাজে লাগিয়ে রপ্তানির বাজারও অনুসন্ধান করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ চাহিদা, পরবর্তী মৌসুমের উৎপাদন সম্ভাবনা ও নিরাপদ মজুদ নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে। এক মৌসুমের উদ্বৃত্তকে স্থায়ী রপ্তানি সক্ষমতা হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। ধারাবাহিক উৎপাদন, মানসম্মত সংরক্ষণ এবং আন্তর্জাতিক বাজারের উপযোগী সরবরাহব্যবস্থা গড়ে উঠলেই রপ্তানির সম্ভাবনা বাস্তবায়িত হবে।
একসময় পেঁয়াজের বাজারে সামান্য অস্থিরতা তৈরি হলেই আমদানির ওপর নির্ভর করতে হতো। প্রতিবেশী দেশের একটি সিদ্ধান্তেই দেশের বাজারে দাম বেড়ে যেত। সেই নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনের সক্ষমতা বাড়ানো নিঃসন্দেহে বড় অর্জন। কৃষি সংশ্লিষ্টদের মতে, উৎপাদন ও সংরক্ষণে নেওয়া বিভিন্ন উদ্যোগের ইতিবাচক ফল পেঁয়াজের ক্ষেত্রে দৃশ্যমান হচ্ছে। তবে এ সাফল্য ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা, সংরক্ষণজনিত ক্ষতি কমানো, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে বাজারদর রাখা জরুরি। লক্ষ্য হওয়া উচিত শুধু আমদানি কমানো নয়, বরং এমন কৃষিব্যবস্থা গড়ে তোলা, যেখানে কৃষক লাভবান হবেন, ভোক্তা সাশ্রয়ী দামে পণ্য পাবেন এবং উদ্বৃত্ত উৎপাদন রপ্তানির সুযোগ তৈরি করবে। পেঁয়াজের বাজারে এবারের স্বস্তি কেবল একটি পণ্যের সাফল্য নয়, বাংলাদেশের কৃষির উৎপাদন সক্ষমতা, গবেষণা ও প্রযুক্তির সম্ভাবনারও প্রতিফলন। এই অগ্রগতিকে স্থায়ী করতে পারলে কৃষি অর্থনীতির আরও শক্তিশালী ভিত্তি হয়ে উঠতে পারে।
লেখক : কৃষিবিদ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা চেয়ারম্যান, ডিআরপি ফাউন্ডেশন
rssarker69@gmail.com