খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির বিকাশ ও বৈদেশিক মুদ্রা অর্জনসহ বহুমাত্রিক অবদান রাখছে প্রাণিসম্পদ খাত। দুধ, মাংস ও ডিম উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতির পাশাপাশি গবাদিপশুর জাত উন্নয়ন, রোগপ্রতিরোধ, প্রাণিস্বাস্থ্য সুরক্ষা এবং আধুনিক খামার ব্যবস্থাপনায় এসেছে ইতিবাচক পরিবর্তন। অভ্যন্তরীণ চাহিদা পূরণের সক্ষমতা অর্জনের পর সামনে নতুন লক্ষ্য নিরাপদ ও মানসম্মত প্রাণিজ পণ্য উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজের অবস্থান সুদৃঢ় করা। এ লক্ষ্য সামনে রেখে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২৮ নভেম্বর পর্যন্ত চলছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। এর মাধ্যমে প্রাণিসম্পদ খাতের অর্জন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরার পাশাপাশি খামারি, উদ্যোক্তা, গবেষক ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় ডিম, দুধ ও মাংস দিয়ে তৈরি মুখরোচক ও পুষ্টিকর খাবার এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রদর্শনের পাশাপাশি রয়েছে রপ্তানিযোগ্য প্রাণিজ পণ্যের পৃথক প্রদর্শনী। আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরতে রয়েছে বিশেষ প্রযুক্তি প্যাভিলিয়ন। এ ছাড়া ওষুধ ও ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান, পোলট্রি শিল্প, পোষা প্রাণী এবং বিভিন্ন জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি নিয়ে রয়েছে আকর্ষণীয় আয়োজন। মেলার অন্যতম উদ্দেশ্য, খামারিদের আধুনিক ও লাভজনক খামার ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া। অর্জিত জ্ঞান নিজ খামারে প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা ও আয় বাড়াতে পারবেন খামারিরা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। প্রবেশমূল্য ছাড়া দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারছেন। নতুন উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থান সম্প্রসারণ ও বেকারত্ব হ্রাসের বিষয়টিও এর অন্যতম লক্ষ্য।
জাতীয় অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপিতে এ খাতের অবদান ১.৮১ শতাংশ, প্রবৃদ্ধির হার ৩.৩০ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে অবদান ১৬.৫৬ শতাংশ। এ অর্থবছরে প্রাণিসম্পদ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকা। এ সময় দেশে দুধ উৎপাদন হয়েছে ১৫৭.৫৩ লাখ মেট্রিক টন, মাংস ৯০.৭০ লাখ মেট্রিক টন এবং ডিম প্রায় ২ হাজার ৫০৯ কোটি। এসব প্রাণিজখাদ্য দেশের মানুষের দৈনন্দিন পুষ্টিচাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের মানুষের দৈনিক প্রাণিজপণ্য গ্রহণের প্রায় ৫৬ শতাংশ চাহিদা অভ্যন্তরীণ প্রাণিসম্পদ খাত থেকে পূরণ হচ্ছে। প্রাণিজ আমিষ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
এবারের ঈদুল আজহায় ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদিপশু কোরবানি হয়েছে। অভ্যন্তরীণ উৎপাদনের মাধ্যমে কোরবানির পশুর চাহিদা পূরণ দেশের প্রাণিসম্পদ খাতের সক্ষমতার পরিচায়ক। এ খাতের বড় শক্তি পোলট্রি শিল্প। বর্তমানে খাতটিতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৪৮ হাজার কোটি টাকা। বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে গড়ে উঠেছে দুই লক্ষাধিক খামার। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ শিল্পে কর্মরত প্রায় ৬০ লাখ মানুষ, যাদের ৪০ শতাংশ নারী। এসব খামারে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম। পুষ্টি সরবরাহের পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে এ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে প্রাণীর বিভিন্ন রোগপ্রতিরোধে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (এলআরআই) থেকে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে দেশের মোট চাহিদার মাত্র ১৫ শতাংশ টিকা দেশীয়ভাবে উৎপাদিত হচ্ছে। এ নির্ভরতা কমাতে বগুড়ায় নতুন ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপন এবং মহাখালী ও কুমিল্লার বিদ্যমান প্ল্যান্টের উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
গবাদিপশুর উৎপাদনশীলতা বাড়াতে কৃত্রিম প্রজনন কার্যক্রমও সম্প্রসারণ করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে ১ কোটি ৩৬ লাখ গবাদিপশুকে কৃত্রিম প্রজননের আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে জন্ম নিয়েছে ৭০ লাখ ৫৭ হাজার বাছুর। প্রাণিসম্পদ খাতের নতুন সম্ভাবনার জায়গা প্রাণিজাত পণ্য ও উপজাত রপ্তানি। ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ৮ হাজার ৬৪৯ টন প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানির মাধ্যমে আয় হয়েছে ৩০৯ কোটি টাকা। রপ্তানির গন্তব্য দেশের মধ্যে রয়েছেÑ যুক্তরাষ্ট্র, কানাডা, ভিয়েতনাম, চীন, হংকং, ইতালি ও কোরিয়া। এ ছাড়া ২৮ জুন থেকে বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় ৯৩ হাজার ৯০০টি হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম রপ্তানি করে আয় হয়েছে ২ কোটি ১৪ লাখ ২৯ হাজার টাকা। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, উৎপাদনের পাশাপাশি পণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। রোগমুক্ত খামার, আন্তর্জাতিক মানের প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, আধুনিক সংরক্ষণব্যবস্থা, কোল্ড চেইন এবং প্রয়োজনীয় আন্তর্জাতিক সনদ অর্জন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফুড সেফটি ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান অনুসরণ করে রোগমুক্ত অঞ্চল গড়ে তুলতে হবে। পাশাপাশি ভ্যাকসিন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশবান্ধব প্রাণিসম্পদ উৎপাদনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে ৮৭ হাজার ৫৩৬টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপিত হয়েছে। সব মিলিয়ে দেশের প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ চাহিদা পূরণ, পুষ্টিনিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এখন প্রয়োজন উৎপাদনের সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ সেই সম্ভাবনাকে সামনে তুলে ধরার পাশাপাশি একটি আধুনিক, টেকসই ও রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলার প্রত্যয়কে আরও জোরালো করবে।
লেখক : সিনিয়র তথ্য অফিসার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়