ঢাকা সাভার ও কুয়াকাটায় বাস-পুলিশ বক্সে আগুন

দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবারও নাশকতার ঘটনা ঘটেছে। এদিন রাজধানীর সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা লাব্বাইক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পটুয়াখালী জেলার কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘসময় ধরে পার্কিং করে রাখা পর্যটকবাহী একটি পরিত্যক্ত জিপে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিভাবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার ভোররাত ৩টার দিকে মিরপুর ১২ পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। ভোর সাড়ে ৫ টার দিকে ধানম-ি থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া চট্টগ্রাম নগরের জেল রোডের শাহ আমানত (রহ.) মাজারে ককটেল বিস্ফোরণের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের তিন নেতাসহ ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় ৫৭১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি। ঢাকায় যে তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন রফিকুল ইসলাম (৫০), আতাউর রহমান (৫৫) ও মেহেদী মোল্লা (৩৫)। এর মধ্যে রফিকুল শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। আতাউর খিলক্ষেত থানা শ্রমিক লীগের সহ-সভাপতি। মেহেদী নরসিংদীর রায়পুরা পৌর যুবলীগের সভাপতি প্রার্থী। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা এবং রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে দেশের বিভিন্ন সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ও পঞ্চগড় সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি পরিচালিত হচ্ছে রাত্রিকালীন চেকপোস্ট ও বিশেষ নজরদারি কার্যক্রম। ব্যাটালিয়ন সদর কর্তৃক পরিচালিত এসব কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ এবং অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে তৎপর বিজিবি সদস্যরা। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিকূল পরিবেশ ও রাতের অন্ধকার উপেক্ষা করে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন তারা। প্রতিনিধিদের পাঠানো খবর

সাভার : রাজধানীর সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা লাব্বাইক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দুপুরে সাভারের জোড়পুল এলাকায় মহাসড়কের আরিচাগামী লেনে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের অংশ ও আসন পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জোড়পুল এলাকায় মহাসড়কের আরিচাগামী লেনে একটি বাস পার্কিং করা ছিল। হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা সাভার ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, বাসটি গত দুই  দিন ওই স্থানে পার্কিং করা ছিল। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

রাজধানীতে পুলিশ বক্সে আগুন : ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক থানার পাশে ককটেল বিস্ফোরণ ঘটায়। সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। 

এর আগে বৃহস্পতিবার রাতে মিরপুর-১১ নম্বরের বিহারি মিল্লাত ক্যাম্প সংলগ্ন এলাকায় পার্কিংয়ে থাকা ‘মধুমতী পরিবহন’-এর একটি বাসে, উত্তর বাড্ডার মেরুল এলাকায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনের সড়কে চলন্ত ‘আলিফ পরিবহন’-এর একটি বাসে এবং পল্লবীর কালশী রোডে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের পাশে চলন্ত অবস্থায় ‘বিহঙ্গ পরিবহন’-এর একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে বাস তিনটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

কুয়াকাটা (পটুয়াখালী) : এদিকে পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা পর্যটকবাহী একটি পরিত্যক্ত জিপে (চান্দেরগাড়ি) অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। গাড়ির মালিকের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে।

স্থানীয়রা জানান, একসময় পর্যটকদের কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হলেও জিপটি দীর্ঘদিন ধরে ওই স্থানে পার্কিং করা ছিল। গত বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে বক্তব্য জানতে মহিপুর থানার ওসির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের জেল রোডের শাহ আমানত (রহ.) মাজারে ককটেল বিস্ফোরণের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাজারের সামনের উঠোন থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন আব্দুল আল মামুন ছোটন ও আশরাফুল ইসমাইল ইচনান। পুলিশ জানিয়েছে, তারা চান্দগাঁও ও পাঁচলাইশ থানা ছাত্রলীগের সংগঠক হিসেবে পরিচিত।

কুমিল্লা : অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তজুড়ে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে দিন-রাত টহল ও নজরদারি। এ কাজে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, বিশেষ ড্রোন ও অল-টেরেইন ভেহিকল (এটিভি)। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে মাইকিং ও জনসচেতনতামূলক সভা করা হচ্ছে। গতকাল শুক্রবার থেকে কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ বিশেষ নজরদারি কার্যক্রম শুরু হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সব সময় তৎপর। সীমান্তে সিসিটিভি ও সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সহযোগিতা পেলে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সফল হওয়া সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

পঞ্চগড় : দিন-রাত ২৪ ঘণ্টা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে পঞ্চগড় ব্যাটালিয়নের উদ্যোগে পরিচালিত হচ্ছে রাত্রিকালীন চেকপোস্ট ও বিশেষ নজরদারি কার্যক্রম।

এদিকে সীমান্তের দুর্গম ও ঝুঁঁকিপূর্ণ এলাকায় টহল কার্যক্রম আরও কার্যকর করতে অল-টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করছে ১৮ বিজিবি। এসব বিশেষায়িত যানবাহনের মাধ্যমে দুর্গম এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতে এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তায় ১৮ বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নজরদারি, টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।