চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা ও সংকট নিরসনে সরকারের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি দাবি আদায়ে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল পৌনে ৫টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’, ‘মানি না, মানব না, শরীফুল মানি না’সহ বিভিন্ন সেøাগান দেন।
সড়ক অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করলেও সংকটের সমাধান হয়নি। তারা একজন উপাচার্য চান, তবে অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মানতে রাজি নন। দ্রুত সংকটের সমাধান করে তারা ক্লাস ও পড়াশোনায় ফিরতে চান। বিক্ষোভে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আবির বলেন, তাদের এই কর্মসূচি সরকারবিরোধী নয়; বরং প্রায় ৭০ দিন ধরে চলমান সংকটের সুরাহা চাইছেন তারা। তার অভিযোগ, নতুন উপাচার্য নিষিদ্ধ ছাত্রলীগ ও ফ্যাসিবাদের সহযোগীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ঢুকেছেন। সহিংসতা এড়িয়ে দ্রুত সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সরকারের বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক চাপ ও সংকট তারা অনুধাবন করেন এবং নতুন কোনো জটিলতা তৈরি করতে চান না। জুলাইয়ের চেতনা সমুন্নত রেখে সরকারের কাছে সংকট নিরসনের আহ্বান জানান তিনি। অধ্যাপক শরীফুল আলমকে সরিয়ে বিকল্প কাউকে উপাচার্য না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান এই শিক্ষার্থী।