খেলার চেয়েও বড়

দুটো শিঙাড়া আর এক কাপ চা নিয়ে বাপ-ছেলে হোটেলে বসে আছে প্রায় দুই ঘণ্টা। সব মিলিয়ে ত্রিশ টাকার নাশতা। এত অল্প খাবার খেয়ে এতক্ষণ বসে থাকাটা মোটেও পছন্দ হচ্ছে না হোটেল মালিক তবারক মিয়ার।

একটা শিঙাড়া আর চা খাওয়া শেষ। বাকি আছে আরেকটা শিঙাড়া। সেটাও বাপ-ছেলে টুকটুক করে খাচ্ছে। ওটা শেষ হয়ে গেলেই উঠে যেতে হবে। অথচ খেলা শেষ হতে এখনো অনেক দেরি!

আজকের আগে আরও দুদিন তবারক মিয়ার হোটেলে এসেছিল ওরা। সেদিনও একই কা- করেছে। নামমাত্র খাবার অর্ডার করে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেছে। ক্যাশে বসে দুদিনই বিষয়টা লক্ষ করেছেন তবারক মিয়া। সেদিনও বাংলাদেশের খেলা ছিল। তখন বুঝতে না পারলেও আজ বুঝেছেন, বাংলাদেশের খেলা হলেই বাপ-ছেলে তার হোটেলে আসে। অল্প খাবার নিয়ে টুকটুক করে খেতে খেতে টিভিতে খেলা দেখে। বিষয়টা বুঝতে পেরে তবারক মিয়া মনে মনে সিদ্ধান্ত নেন, পরেরবার ওরা এলে এমন ব্যবস্থা করবেন, যেন আর এই হোটেলে আসতে না পারে।

তবারক মিয়ার এমন সিদ্ধান্তের কথা শুনে হোটেলের কর্মচারী রাকেশ বলল, ‘ওস্তাদ, কী কন! ওরা গরিব মানুষ। বাড়িতে খেলা দেখার ব্যবস্থা নাই। তাই এইখানে আইসা একটু খেলা দেখে। তাও তো মাঝেমধ্যে। অহন আপনি কইতাছেন, ওরা যেন আর না আসে, সেই ব্যবস্থা করবেন! নাহ্, ওস্তাদ! বিষয়ডা মানতে পারলাম না।’

আবুলের বাবা একজন অটোরিকশাচালক। দিন আনে দিন খায়। আবুল আর তার মাকে নিয়ে মাসে তিন হাজার টাকা ভাড়ায় একটা টিনশেড বাড়িতে থাকে। সেই বাড়িতে তিনবেলা খাবারই ঠিকমতো জোটে না, টেলিভিশন থাকবে কোথা থেকে!

অথচ খেলার প্রতি আবুলের ভীষণ আগ্রহ। পাড়ার মাঠে নিজে খেলাধুলা করে। টেলিভিশনে যেকোনো খেলা থাকলে সেটাও দেখার চেষ্টা করে। আর বাংলাদেশের খেলা হলে তো কথাই নেই! সেদিন যত কষ্টই হোক, আবুলকে নিয়ে তার বাবা তবারক মিয়ার হোটেলে আসবেই। কিন্তু হোটেলে তো আর কিছু না খেয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা যায় না! আবার এতক্ষণ ধরে খাওয়ার মতো সামর্থ্যও আবুলের বাবার নেই। তাই দুজনে অল্প খাবার নিয়ে ধীরে ধীরে খেতে থাকে, যেন খেলা শেষ হওয়ার আগে উঠতে না হয়।

শেষবার যেদিন ওরা হোটেলে এসেছিল, সেদিন বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে ক্রিকেটের সেমিফাইনাল খেলা চলছিল। আজ ফাইনাল। প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশের জিততে হলে এখনো কুড়ি রান করতে হবে। বাকি আছে এগারো বল। হাতে দুই উইকেট। মাঠে, গ্যালারিতে টানটান উত্তেজনা। তবারক মিয়ার হোটেলেও উত্তেজনার কমতি নেই। খাবার নিয়ে বসে থাকা লোকজনের কারও গলা দিয়ে খাবার নামছে না। সবার চোখ টেলিভিশনের পর্দায়। কী হয়, কী হয়!

আবুল দুই হাত মুখের সামনে তুলে দোয়া পড়ছে। আর আবুলের বাবা মনে মনে দোয়া করছেন অন্য কারণে। তিনি লক্ষ করেছেন, হোটেল মালিক তবারক মিয়া বারবার আড়চোখে তাদের দিকে তাকাচ্ছেন। প্রায়ই এখানে খেলা দেখতে আসেন বলে লোকটা হয়তো তাদের ওপর বিরক্ত। তার মনে হচ্ছে, এই বুঝি তবারক মিয়া এসে বলে বলবেন, ‘আপনারা এবার ওঠেন তো! কিছু খান না, অথচ হোটেলের চেয়ার দখল করে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন!’

এমন কিছু যেন না ঘটে, সেই দোয়াই করছেন। তাতে একমাত্র ছেলেটা খুব কষ্ট পাবে। অটোরিকশা চালিয়ে জীবন চললেও আত্মসম্মান নিয়ে চলেন তিনি।

এরই মধ্যে আরও নয় রান হয়ে গেল। বাংলাদেশের জিততে দরকার মাত্র এগারো রান। কিন্তু এর মধ্যে একটি উইকেটও পড়ে গেছে। হাতে আছে আর একটি উইকেট। টানটান উত্তেজনা। বল ব্যাটের কোণায় লেগে সীমানার বাইরে চলে গেল। চার!

এখন দরকার মাত্র সাত রান। আবুল দোয়া পড়তে পড়তেই দাঁড়িয়ে গেল। তার সঙ্গে দাঁড়াল বাবাও। হোটেলের বাকি সব কাস্টমাররা টেলিভিশনের পর্দা ছেড়ে তাকিয়ে আছে বাপ-ছেলের দিকে। মনে হচ্ছে, বাংলাদেশের জয়ের জন্য শুধু মাঠের খেলোয়াড়রাই নয়, এই দুজনও প্রাণপণ লড়ছে।

পাকিস্তানের ফিল্ডারের ভুলে আরও চার রান যোগ হলো বাংলাদেশের স্কোরে। এখন দরকার মাত্র তিন রান। এক এক করে সেই রানও তুলে নিল বাংলাদেশের দুই ব্যাটসম্যান। জয়ী হলো বাংলাদেশ!

আবুল আনন্দে চিৎকার করে উঠল, ‘ইয়া হু! বাংলাদেশ জিতেছে!’

পর মুহূর্তেই তার চিৎকার থেমে গেল। সামনে দাঁড়িয়ে আছেন হোটেল মালিক তবারক মিয়া। তার পাশে রাকেশের হাতে কার্টনে মোড়ানো একটা টেলিভিশন। তবারক মিয়া টেলিভিশনটা আবুলের বাবার হাতে তুলে দিয়ে বললেন, ‘শেষবার তোমরা যখন এসেছিলে, তখনই ঠিক করেছিলাম, তোমাদের আর এখানে এসে খেলা দেখতে না হয় সেই ব্যবস্থা করব। তাই এই টেলিভিশনটা তোমাদের জন্য উপহার এনেছি। এবার থেকে ছেলেকে নিয়ে ঘরে বসে খেলা দেখবে।’

আবুলের বাবা অবাক হয়ে গেলেন। কী বলবেন, বুঝতে পারলেন না। আবুল বলল, ‘কাকু, আমরা এইখানে আইসাই খেলা দেখব। আমাগো টিভি লাগব না। শুধু একটা কথা, তোমার হোটেলে আইসা খাইতে না পারলেও আমাগো খেলা দেখতে দিয়ো।’

তবারক মিয়া কিছুক্ষণ আবুলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর হেসে বললেন, ‘বেশ! আজ থেকে বাংলাদেশের খেলা থাকলে এই হোটেলে বসার জন্য কাউকে খাবার অর্ডার করতে হবে না। যার সামর্থ্য আছে, সে খাবে। যার নেই, সে শুধু খেলা দেখবে।’

এরপর রাকেশের দিকে তাকিয়ে বললেন, ‘শোনো রাকেশ, আমার হোটেলে দেশের খেলা দেখতে এসে কেউ যেন টাকার অভাবে নিজের দেশ থেকে দূরে সরে না থাকে, সেদিকে খেয়াল রাখবে।’

রাকেশ বলল, ‘জি ওস্তাদ!’