ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে ব্যাপক সাড়া পাচ্ছি

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ঝিলিক চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে এসেছেন অভিনেত্রী রিয়া বর্ন। এর আগে ‘লিংক হবে’ নাটকের মাধ্যমেও পরিচিতি পান তিনি। চার বছর ধরে অভিনয় করছেন এই অভিনেত্রী। অভিনয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটছে তার। গতকাল ইউটিউবে উন্মুক্ত হয়েছে নাটক ‘তোর মায়ায়’। সাম্প্রতিক কাজ, অভিনয়ের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন তারেক আনন্দ

সাম্প্রতিক সময়ে কোন কাজগুলো নিয়ে ব্যস্ত?

সম্প্রতি সকাল আহমেদের পরিচালনায় কয়েকটি কাজ করেছি। এর মধ্যে ‘তোর মায়ায়’ নাটকটি গতকাল ইউটিউবে প্রকাশ হয়েছে। এতে আমার সহশিল্পী আবিদ বিন পারভেজ প্রান্ত। তার সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। নতুন এ নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। দর্শকের ভালো লাগবে। এ ছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে একটি এবং ঈদের জন্য দুটি নাটকে অভিনয় করেছি। এর মধ্যে আরও কয়েকটি নাটকের শুটিং করব।

এ পর্যন্ত কতটি নাটকে কাজ করেছেন?

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই অভিনয় শুরু। ছোট ছোট কাজ দিয়ে যাত্রা হয়েছিল। সব মিলিয়ে ৩০টির বেশি নাটকে অভিনয় করেছি। একক নাটকেও কাজের অভিজ্ঞতা রয়েছে।

কোন কাজগুলো আপনাকে দর্শকের কাছে পরিচিত করেছে?

এনামুল রাফাত ভাইয়ের টিমের ‘লিংক হবে’ আমার অভিনীত প্রথম একক নাটক। এটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। তবে সাম্প্রতিক সময়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ঝিলিক চরিত্রটি আমাকে ব্যাপক দর্শকের কাছে পরিচিত করেছে। নাটকটির ১৭ অধ্যায়ের দুটি পর্বেই আমাকে দেখা গেছে।

ঝিলিক চরিত্রের পর নিশ্চয়ই আপনার কাজ আরও বেড়েছে?

এখন অনেকেই আমাকে ঝিলিক নামে চিনছেন। শুটিংয়ে গেলে অনেকে চরিত্রটির কথা বলেন, ছবি তুলতে চান। বিষয়টি ভালো লাগে। একজন অভিনেত্রী হিসেবে নিজের অভিনীত চরিত্রের নামে দর্শকের কাছে পরিচিত হওয়া আনন্দের। ধীরে ধীরে কাজের ব্যাপ্তি বাড়ছে। দর্শকের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি একটু একটু করে।

অভিনয়ে আপনার পথচলার চার বছর হলো। এই সময়ের অভিজ্ঞতা কেমন?

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পড়াশোনার কারণে দীর্ঘ বিরতি নিতে হয়েছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ভালো ফল ধরে রেখে অভিনয়ে নিয়মিত সময় দেওয়া কঠিন ছিল। বিরতির পর কাজে ফিরেছি। সব মিলিয়ে প্রায় চার বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। এখন পর্যন্ত সব ঠিকঠাক ভাবে এগোচ্ছে। বাকিটা নির্মাতা, কলাকুশলী ও দর্শকের ভালোবাসা।

কোন ধরনের চরিত্রে অভিনয় করতে বেশি আগ্রহী?

গতানুগতিক চরিত্রের চেয়ে ভিন্নধর্মী ও বাস্তবধর্মী চরিত্রে অভিনয় করতে ভালো লাগে। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ঝিলিক তেমনই একটি চরিত্র। বাস্তব জীবনে আমার ব্যক্তিত্বের সঙ্গে চরিত্রটির মিল নেই। এমন চরিত্রে অভিনয় করাকে চ্যালেঞ্জ মনে হয়। নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ থাকে। একই ধরনের চরিত্রে আটকে থাকতে চাই না।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাই।

ভালো অভিনেত্রী হওয়াই আমার প্রধান লক্ষ্য। দর্শক যেন আমার কাজের মাধ্যমে আমাকে চিনতে পারেন, সেটাই চাই। সামনে কয়েকটি একক নাটক রয়েছে। এ ছাড়া গিয়াস উদ্দিন সেলিম স্যারের একটি ধারাবাহিক নাটকে কাজের আলোচনা চলছে। পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরে এর শুটিং শুরু হতে পারে।

এ পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য সহশিল্পী কারা?

অনেকের সঙ্গেই কাজের সুযোগ হয়েছে। নিলয় আলমগীর, জোভান, তৌসিফ ও আরশ খানসহ সমসাময়িক বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে কাজ করেছি। তাদের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে।