প্রায় এক মাস বিরতির পর বাংলাদেশ ফুটবল লিগে ফিরেই হোঁচট খেল দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল শুক্রবার নিজেদের ম্যাচে হারের মুখ দেখেছে দুই দলই। আবাহনীকে ৩-২ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। অন্যদিকে মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। তবে দুই জায়ান্টের হারের দিনে জয়ের মুখ দেখেছে বসুন্ধরা কিংস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনিওর জোড়া গোলে ফর্টিজ এফসিকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচে পেনাল্টি থেকে প্রথম গোল করার পর দুর্দান্ত ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন রবসন। পরে এক গোল শোধ করলেও হার এড়াতে পারেনি ফর্টিজ।
ঘরের মাঠে (কিংস অ্যারেনা) ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বক্সের মধ্যে রবসন রবিনিওকে ফাউল করেন ফর্টিজের ডিফেন্ডার মিঠু চৌধুরী। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি রবসন। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক দল। বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কিংস। ম্যাচের ৫৩ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় তারা। সেটি থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান রবসন। ফর্টিস গোলরক্ষক সুজন পেরেরা চেষ্টা করেও বলের নাগাল পাননি। ফলে ব্যবধান দাঁড়ায় ২-০। ৭২ মিনিটে কর্নার থেকে ম্যাচে ফেরার চেষ্টার সুফল পায় ফর্টিজ। পা ওমর বাবুর নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে গোল করেন মিঠু চৌধুরী। এর পাঁচ মিনিট পর ফর্টিসের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে বদলি হিসেবে মাঠে নামেন শুকি ইতোফুসা। দেশের বাইরের লিগে খেলার সুযোগ পাওয়ায় মৌসুমের মাঝপথেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে বিরতির সময় ক্লাবের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধে পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে পুলিশ এফসি। বিরতির পর খেলা শুরুর দেড় মিনিটের মধ্যেই এগিয়ে যায় পুলিশ। ডান প্রান্ত থেকে জাহিদের বাড়ানো নিচু ক্রসে সেনেগালের ফরোয়ার্ড রাসুল বা দারুণ প্লেসিং শটে বল জালে পাঠান। ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন স্টিফেন জুনিয়র।
দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় আবাহনী। ৮৫তম মিনিটে মাইকেল বাবাতুন্দের পাস থেকে গোল করে ব্যবধান কমান ইমতিয়াজ রায়হান। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রাসুল বায়ের সহায়তায় চিপ শটে পুলিশের হয়ে তৃতীয় গোলটি করেন শফিক কাগিমু। ম্যাচের একেবারে শেষ দিকে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমান বাবাতুন্দে। কিন্তু তাতে হার এড়ানো সম্ভব হয়নি আবাহনীর। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় পায় পুলিশ এফসি। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ফুটবল লিগের পেশাদার যুগে প্রথমবারের মতো আবাহনীর বিপক্ষে জয়ের স্বাদ পেল পুলিশ এফসি। এর আগে অন্য প্রতিযোগিতাতেও ধানম-ির দলটির বিপক্ষে জয়ের রেকর্ড ছিল না তাদের। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বাংলাদেশ পুলিশ এফসি। অন্যদিকে সমান ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে আবাহনী।
অন্যদিকে মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে চমক দেখিয়েছে রহমতগঞ্জ। ম্যাচের ষষ্ঠ মিনিটে শাহরিয়ার ইমনের গোলে এগিয়ে যায় সাদা-কালোরা। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও বিরতির পর সেই সুবিধা ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইব্রাহিমা সেনের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। ৬১তম মিনিটে প্রিন্স ওউসুর গোলে লিড নেয় দলটি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রহমতগঞ্জ। চলতি লিগে এটাই মোহামেডানের প্রথম হার। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান। ৬ ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ।
এ ছাড়া দিনের অন্য ম্যাচে চাঁদপুর জেলা স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের লড়াই ২-২ গোলে ড্র হয়েছে।