ওমানের আল-ইত্তিহাদে আমিরুল-রকি-কুজুর

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৯ এএম

বিদেশের ঘরোয়া হকিতে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড়। ওমানের মর্যাদাপূর্ণ ঘরোয়া আসর হিজ ম্যাজেস্টি’স হকি কাপ, যা ওমান কাপ নামে পরিচিত, খেলতে যাচ্ছেন আমিরুল ইসলাম, রকিবুল ইসলাম রকি ও বিপ্লব কুজুর। ওমানের ক্লাব আল-ইত্তিহাদ স্পোর্টস ক্লাবের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের এই তিন খেলোয়াড়। আগামী ৮ থেকে ২৩ ডিসেম্বর মাসকাটে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ৫৬তম আসর। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে ১৮টি ক্লাব। বাংলাদেশের তিন খেলোয়াড়ের মধ্যে আমিরুল ইসলাম খেলবেন ডিফেন্ডার হিসেবে, রকিবুল ইসলাম রকি সামলাবেন স্ট্রাইকারের দায়িত্ব। অন্যদিকে গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে থাকবেন গোলকিপার বিপ্লব কুজুর।

ওমানের ধোফার প্রদেশের সালালাভিত্তিক ক্লাব আল-ইত্তিহাদের হয়ে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবেন এই তিন হকি খেলোয়াড়। আন্তর্জাতিক ও ঘরোয়া হকিতে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে ভালো ফল এনে দেওয়াই তাদের লক্ষ্য। বিদেশের ক্লাবে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আমিরুল ইসলাম। নিজের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘এটা আমাদের জন্য ভালো সুযোগ। আমরা সেখানে পারফরম্যান্স দেখানোর সুযোগ পাব। আশা করছি, ওমানে ভালো ফল করতে পারব।’ বাংলাদেশের হকিতে প্রতিভার অভাব নেই। তবে আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত খেলার সুযোগ এবং বিদেশি লিগে অংশগ্রহণের অভিজ্ঞতা খেলোয়াড়দের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় ওমানের এই প্রতিযোগিতা আমিরুল, রকি ও বিপ্লবের জন্য নিজেদের দক্ষতা প্রমাণের বড় মঞ্চ।

সর্বশেষ সর্বাধিক পঠিত