জলাবদ্ধতায় ৬৭ হাজার মণ ধান

আমনের ভরা মৌসুমে হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ ও অসময়ের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চরম বিপাকে পড়েছেন কুষ্টিয়ার চাষিরা। হাজার হাজার মণ ধান নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছেন তারা। সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ‘বিলের মাঠ’ এলাকায় প্রায় পৌনে ৪০০ হেক্টর ধানি জমিতে পানি জমে যাওয়ায় আড়াই হাজার মেট্রিক টন অর্থাৎ ৬৭ হাজার মণ ধান মাঠেই নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সোনালি ফসল হারানোর দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকার চার শতাধিক কৃষক পরিবার।

ভুক্তভোগী চাষিদের অভিযোগ, দীর্ঘ ৩০ বছর এই জলাবদ্ধতা নিরসনে নিষ্কাশন খাল খননের প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও তা বাস্তবায়িত হয়নি। ফলে প্রতি বছরই বৃষ্টি ও জলাবদ্ধতায় ধান, ডাল ও তেলবীজের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।

এদিকে, অবৈধ দখলে খাল ও কালভার্ট ভরাট হয়ে যাওয়া এবং যত্রতত্র অপরিকল্পিত বাড়িঘর নির্মাণকেই এই স্থায়ী জলাবদ্ধতার জন্য দায়ী করছে স্থানীয় ইউনিয়ন পরিষদ। তাদের মতে, ভেঙে পড়া পানি নিষ্কাশন ব্যবস্থাকে সচল করতে সরকারি বড় প্রকল্প বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

এ বিষয়ে কৃষি বিভাগ জানিয়েছে, যেসব মাঠে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা রয়েছে সেগুলো চিহ্নিত করা হয়েছে এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের অনুরোধ জানিয়ে ইতিমধ্যে উপজেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে।

ভুক্তভোগী কৃষক সদর উপজেলার পুরাতন কুষ্টিয়া গ্রামের সাত্তার শেখ আক্ষেপ করে বলেন, ‘মাঠে ধানের চেহারা দেখলেই প্রাণটা জুড়িয়ে যেত। এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছিল। পুরো মাঠের ধান পেকে সোনালি রং ধরেছিল। কিন্তু দুঃখের বিষয়, গত সপ্তাহের বৃষ্টিতে খেতে পানি জমে যাওয়ায় এখন আর মাঠে নামাই যাচ্ছে না। পাকা ধানের গাছগুলোও সব পানির ওপর শুয়ে পড়েছে। প্রতি বছর এই সময়ে জমিতে ধান থাকতেই মসুর, মটর, খেসারি ও সরিষাসহ নানা জাতের রবিশস্য বুনে দিই। এবারও দিয়েছিলাম, কিন্তু জলাবদ্ধতায় সব বরবাদ হয়ে গেল। এতে আমার অনেক টাকার বীজ নষ্ট হয়ে গেছে।’

অপর চাষি হাজি বজলু ফকির ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতি বছরই এই মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে স্থানীয় কৃষকদের। মাঠভর্তি ফসল দেখে কৃষকদের মনে যে প্রশান্তি ও আশার সঞ্চার হয়েছিল, অকাল জলাবদ্ধতায় সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান এই জলাবদ্ধতা নিরসনের নামে বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় ও অপচয় করা হলেও বাস্তবে কার্যকর কোনো সুফল মেলেনি।

বর্তমান প্রেক্ষাপটে কৃষকদের জোর দাবি, জরুরি ভিত্তিতে আধুনিক জরিপ ও প্রযুক্তির মাধ্যমে জমির উপরিস্থ সঠিক ঢাল বা লেভেল নির্ণয় করতে হবে। এরপর চিহ্নিত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রয়োজনীয় সংখ্যক চেম্বার (চৌবাচ্চা) স্থাপনের পাশাপাশি একটি পরিকল্পিত আন্ডারগ্রাউন্ড (ভূগর্ভস্থ) পানি নিষ্কাশন চ্যানেল নির্মাণ করে এই সমস্যার স্থায়ী ও টেকসই সমাধান নিশ্চিত করতে হবে। কেবল তবেই অঞ্চলের কৃষকরা দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন এবং কৃষি উৎপাদন নির্বিঘ্ন হবে।

ইউনিয়নের সর্ববৃহৎ ধান আবাদি এই মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কথা স্বীকার করে ইউপি চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ বলেন, ‘ড্রেনেজ খাল, কালভার্ট ভরাট করে অবৈধ দখলদারিত্ব, নিয়ম না মেনে পরিষদের নির্দেশনা ভঙ্গ করে কিছু অসাধু লোকজনের যত্রতত্র অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণ করাই এই সমস্যার কারণ। সমস্যার স্থায়ী সমাধান করতে হলে সবার সমন্বিত সদিচ্ছা এবং সরকারিভাবে বড় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভোগান্তি দূর করতে হবে।’

এই মাঠে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাম্মী আক্তার মিলি জানান, ‘আমার এই শালদাহ পুরাতন কুষ্টিয়া ব্লকে প্রায় সাড়ে ৪০০ হেক্টর আবাদি জমির মধ্যে সাড়ে ৩০০-এর অধিক জমিতে বছরে তিনবার ধান আবাদ হয়’। এর মধ্যে চলতি আমন মৌসুমে প্রায় ১ হাজার বিঘা ধানের জমিতে পানি জমে থাকায় চাষিরা একটু সমস্যায় পড়েছেন। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন স্যারদের জানিয়েছি। তবে ঠিক কী পরিমাণ সম্ভাব্য ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা তা এখনো নিরূপণ করা হয়নি। আবহাওয়া অনুকূলে থাকায় এই মৌসুমে হেক্টর-প্রতি ধানের ফলন সাড়ে ৬ মেট্রিক টন ছাড়িয়ে যাবে।

কুষ্টিয়া সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন বলেন, ‘অসময়ের বৃষ্টিতে চলতি আমন মৌসুমে কোথাও কোথাও জলাবদ্ধতার কারণে মাঠের পাকা ধান কাটায় কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও অধিকাংশ ক্ষেত্রে এটা সাময়িক। তবে যেসব মাঠে দীর্ঘ সময়ের জলাবদ্ধতা রয়েছে সেখানে স্থায়ী নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে উপজেলা প্রশাসনকে।’