দুবাইয়ের একটি আপিল আদালত প্রতারণার মামলায় দোষী সাব্যস্ত আরাভ খানের সাজা বহাল রেখে তাকে সংযুক্ত আরব আমিরাত বহিষ্কারের আদেশ বহাল রেখেছে। দুবাইভিত্তিক এই স্বর্ণ ব্যবসায়ীকে বাংলাদেশ পুলিশ রবিউল ইসলাম হিসেবে শনাক্ত করেছে। তিনি ঢাকার এক পুলিশ কর্মকর্তাকে খুনের ঘটনায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। ২০২৬ সালের ২৮ এপ্রিল আপিল আদালত চার ব্যক্তির বিরুদ্ধে আনা প্রতারণার রায়ের বিপরীতে করা আপিল খারিজ করে দিয়েছে। তাদের বিরুদ্ধে ১০ লাখ ৯৭ হাজার সংযুক্ত আরব আমিরাতি দিরহাম (প্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকা) মূল্যের স্বর্ণ নিয়ে প্রতারণায় অভিযোগ ছিল। আদালত তাদের তিন মাসের কারাদণ্ড বহাল রাখে (যা তিন বছরের জন্য স্থগিত রাখা হয়েছে)। খবর ডেইলি ওয়াদার।
রবিউল ইসলাম ২০১৮ সালে স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মামুন ইমরান খানের খুনের পর দেশ থেকে পালিয়ে যান।
দুবাইয়ের রায়ে রবিউলের বাংলাদেশি পরিচয়, হত্যাকাণ্ডের দায়ে তার সাজা কিংবা তার বিরুদ্ধে ইন্টারপোলের জারি করা ‘রেড নোটিস’-এর কোনো উল্লেখ নেই। রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাই থেকে দেশে ফেরানোর প্রক্রিয়াটি জটিল বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা বলছেন, জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হলেও রবিউল ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দুবাইয়ে অবস্থান করছেন। জাতীয় পরিচয়পত্রে (বাংলাদেশের) তার নাম রবিউল ইসলাম। অন্যদিকে ভারতীয় যে পাসপোর্ট ব্যবহার করে তিনি দুবাইয়ে থাকছেন, সেই পাসপোর্টে নাম লেখা আরাভ খান।