রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তারা বাসটির নিরাপত্তারক্ষীকে হুমকি দেয় এবং একপর্যায়ে বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।