লালমোহনে বিএনপি কার্যালয়ে আগুন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

ভোলার লালমোহনে গভীর রাতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনের একটি পানদোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে কোনো একসময় দুর্বৃত্তরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। প্রথমে কার্যালয়ে আগুনের সূত্রপাত হলেও পরে তা ছড়িয়ে পড়ে সামনের একটি পানদোকানে। আগুনে দোকানটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের অন্যান্য স্থাপনা রক্ষা পায়।

স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কার্যালয়ে আগুন দিয়েছে। তবে কারা বা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করতে পারেননি কেউ। রাতের অন্ধকারে ঘটনা ঘটায় জড়িতদের শনাক্ত করাও সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত