ডিস লাইন মেরামতকালে প্রাণ হারালেন গৃহবধূ

কুমিল্লার মুরাদনগরে ডিস লাইনের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুকি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় রাশেদ নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মুরাদনগর উপজেলা সদরের মধ্যনগর মোল্লাবাড়ি এলাকায় শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত খুকি আক্তার (৩৮) মধ্যনগর গ্রামের প্রবাসী শাকিল আহম্মেদের স্ত্রী। তিনি নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তারের মেয়ে। আহত রাশেদ (১৬) একই গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে।

মোবাইল ফোনে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো ঘটনার খবর তাদের কাছে নেই। কেউ থানায় মৃত্যুর বিষয়টি অবহিত করেননি।

প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন জানান, মুরাদনগর-রামচন্দ্রপুর আঞ্চলিক সড়কের ওপর দিয়ে তার দোকান থেকে খুকি আক্তারের বাড়িতে ডিস লাইনের সংযোগ নেওয়া হয়েছে। যানবাহন চলাচলের কারণে প্রায়ই তারটি ছিঁড়ে যেত। শুক্রবার বিকেলে ছিঁড়ে যাওয়া তার মেরামত করতে খুকি আক্তার ও প্রতিবেশী কিশোর রাশেদ সেখানে যান। এ সময় ডিস লাইনের তারটি বৈদ্যুতিক লাইনের ওপর দিয়ে নেওয়ার জন্য রাশেদকে একটি দোকানের ছাদে উঠানো হয়। আর খালি পায়ে দোকানের নিচে ডিসের তার হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন খুকি আক্তার। রাশেদ তারটি বৈদ্যুতিক লাইনের ওপর দিয়ে ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন খুকি আক্তার। একই সময় বিকট শব্দে রাশেদও ছাদের ওপর অচেতন হয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইসিজি পরীক্ষা শেষে খুকি আক্তারকে মৃত ঘোষণা করেন।

তবে আহত রাশেদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি সাজ্জাদ হোসেন।