কিছুটা উন্নতি, এখনো শঙ্কামুক্ত নন মামুনুর রশীদ

নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো শঙ্কামুক্ত নন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতাকে বর্তমানে ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছেন চিকিৎসকেরা।

শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মামুনুর রশীদের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছে তার নাট্যদল আরণ্যক নাট্যদল।

পোস্টে দলটির পক্ষ থেকে বলা হয়, নাট্যগুরু মামুনুর রশীদ আগের তুলনায় কিছুটা ভালো আছেন। তবে এখনো শঙ্কামুক্ত নন। তাকে ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। চিকিৎসকেরা ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমানোর চেষ্টা করছেন।

নাট্যদলটি আরও জানায়, নিউমোনিয়ার পাশাপাশি ফুসফুসের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তার সুস্থ হতে কিছুটা সময় লাগবে। এ সময় মামুনুর রশীদের দ্রুত সুস্থতার জন্য সবার ভালোবাসা, শুভকামনা ও প্রার্থনা কামনা করেছে আরণ্যক। একই সঙ্গে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে দলটি।

এর আগে, গত ২৫ নভেম্বর দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে টানা চার দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, মামুনুর রশীদের শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছিল। মেডিকেল বোর্ডের বৈঠকের পর চিকিৎসকেরা তার অবস্থাকে সংকটাপন্ন বলে জানান। এরপরই হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পরিবার।

এর আগে গত বছরের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। সে সময় ছয় দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে চলতি বছরের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। দেশে ফেরার পর আবারও অভিনয়ে ফিরেছিলেন তিনি।

বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।