‘ড্যাডি কুল’এ সাড়া  ফেলেন শাহরুখ-কারিনা

বলিউডে ‘কিং’ ছবিতে শাহরুখের সঙ্গে একটি গানে করিনা কাপুরকে দেখা যাবে এমন খবর ছড়িয়েছিল অনেক আগে। অবশেষে সেই গানটিই প্রকাশ্যে এল শুক্রবার সন্ধ্যায়। শুরুতেই ‘ড্যাডি কুল’ গানটি দিয়ে চমক দিলেন শাহরুখ খান। খবর আনন্দবাজার।

গানটি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, ‘বেবোর সঙ্গে ফিরলাম।’

‘কিং’ ছবির মাধ্যমেই ফিরল ১৯৭৬ সালে বনি এম’র গান ‘ড্যাডি কুল’। সেই গানের কয়েকটি পংক্তি ও সুরের কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিংহ ও শিল্পা রাও। গানের কোরাসে বার বার ফিরে এল পুরনো ‘ড্যাডি কুল’এর সুর। হিন্দি অংশগুলো গেয়েছেন অরিজিৎ ও শিল্পা। গানটির কথা কুমার ও সুর করেছেন সচিন-জিগর।

গানটি প্রকাশ হতেই শাহরুখ ভক্তদের মধ্যে ঝড় উঠেছে । বিশেষত শাহরুখ ও করিনাকে দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে ‘ডন’ ছবিতে ‘ইয়ে মেরা দিল’ গানটির কথা। আবার অনেকেই ‘রা-ওয়ান’ ছবির ‘ছম্মক ছল্লো’ গানটির স্মৃতিতে ডুব দিয়েছেন। তবে এই গানে বাদশা ও বেবো যেন আরও সাবলীল। লাল রঙের ডিপ নেক গাউনে বরাবরের মতোই মুগ্ধকর করিনা। সেই সঙ্গে তার মুখের অভিব্যক্তি গানে নাটকীয়তা যোগ করেছেন। কালো রঙের পোশাকেও করিনা একই রকমের উজ্জ্বল লেগেছে। পাশাপাশি শাহরুখের এই ‘ড্যাডি কুল’ লুক দেখেও মুগ্ধ ভক্তরা। ধূসর চুলের সঙ্গে কালো পোশাকের সাজে তিনিও ভক্তদের মন কেড়ে  নিয়েছেন। 

গানটি শুরুই হচ্ছে পুরনো জনপ্রিয় গানের পংক্তি দিয়ে ‘শি ইজ় ক্রেজ়ি লাইক আ ফুল, ওয়াইল্ড অ্যাবাউট ড্যাডি কুল’।

২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমা ‘কিং’। ছবিতে শাহরুখ খান,  দীপিকা পাড়ুকোন ও কারিনা কাপুর ছাড়াও রয়েছেন রানী মুখার্জী, অভিষেক বচ্চন, সুহানা খান প্রমুখ।