মার্শাল আর্ট ও চলচ্চিত্রের জগতে কিংবদন্তি ব্রুস লির জন্মদিন আজ। ১৯৪০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন তিনি। তার জন্মনাম ছিল লি জুন-ফান।
বাবা লি হোই-চুয়েন ছিলেন ক্যান্টনিজ অপেরার শিল্পী। বাবার কাজের সূত্রে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে জন্ম হলেও শৈশবের বেশির ভাগ সময় কেটেছে হংকংয়ে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। মাত্র তিন মাস বয়সে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
পরে শিশুশিল্পী হিসেবে হংকংয়ের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। ১৮ বছর বয়সের মধ্যেই ২০টির বেশি চলচ্চিত্রে কাজ করেছিলেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি মার্শাল আর্টের প্রতিও ছিল তার গভীর আগ্রহ। ১৩ বছর বয়সে উইং চুন মার্শাল আর্ট শেখা শুরু করেন ব্রুস। কয়েক বছর ধরে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি নিজের দক্ষতা বাড়াতে নিয়মিত অনুশীলন করতেন তিনি।
১৯৫৯ সালে ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে ফিরে যান ব্রুস লি। পরে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয়ে পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি মার্শাল আর্ট শেখাতেন এবং নিজের প্রশিক্ষণকেন্দ্রও গড়ে তোলেন। যুক্তরাষ্ট্রে তার পরিচিতি বাড়তে থাকে। ১৯৬৬ সালে টেলিভিশন সিরিজ ‘দ্য গ্রীন হর্নেট’এ কেটো চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি।
টেলিভিশনে কাজের পর হলিউডে আরো বড় সুযোগের অপেক্ষায় ছিলেন ব্রুস। তবে প্রত্যাশামতো কাজ না পাওয়ায় ১৯৭০-এর দশকের শুরুতে হংকংয়ে ফিরে যান। সেখানে অভিনয় করেন ‘দ্য বিগ বস’, ‘ফিস্ট অব ফিউরি’ ও ‘দ্য ওয়ে অব দ্য ড্রাগন’ সিনেমায়। ছবিগুলো তাকে এশিয়ার দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় করে তোলে। বিশেষ করে মার্শাল আর্টের দ্রুত ও অভিনব উপস্থাপনা দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করে।
স্বল্প সময়ের ক্যারিয়ার হলেও চলচ্চিত্র ও মার্শাল আর্টে ব্রুস লির প্রভাব ছিল সুদূরপ্রসারী। তার অভিনীত সিনেমাগুলো পরবর্তী প্রজন্মের অ্যাকশন চলচ্চিত্র নির্মাণে প্রভাব রেখেছে।