গুলশানে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

রাজধানীর গুলশানে চাঁদাবাজির মামলায় শরিফুল নামে যুবদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে গুলশান থানার পুলিশ নদ্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

শরিফুল গুলশান থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। অভিযোগ রয়েছে, নদ্দা এলাকায় একটি বাস কাউন্টারের ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যান তিনি। পরে তাকে মারধর করে রিভলবার ঠেকিয়ে চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় পরিবহন মালিক থানায় অভিযোগ করলে পুলিশ শরিফুলকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শরিফুল গুলশানের নদ্দা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজায়েদ মো. নাজমুন নুর। তিনি বলেন, শুক্রবার রাতে শরিফুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে মামলার বিষয়ে বিস্তারিত জানাতে চাননি ওসি।