মাইক্রোবাসের ইঞ্জিনে লুকানো ইয়াবাসহ চালক আটক

কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাসের ইঞ্জিন কভারের নিচে বিশেষ কৌশলে পাচারকালে ৪২ লাখ টাকা মূল্যের ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. রহমত উল্লাহ (৩৯) নামের এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) ইমামের ডেইল চেকপোস্টে এই অভিযান চালানো হয়।

অভিযানে ইয়াবা ছাড়াও পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাস, একটি মোবাইল ফোন ও একটি এলইডি ডিসপ্লে জব্দ করা হয়েছে। আটক রহমত উল্লাহ টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ (৮ নম্বর ওয়ার্ড) এলাকার মো. ইয়াকুব আলী ও তৈয়বা বেগম দম্পতির ছেলে।

বিজিবি জানায়, সকালে শাহপরীর দ্বীপ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি মাইক্রোবাস ইমামের ডেইল চেকপোস্টে পৌঁছালে দায়িত্বরত বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ির সামনের অংশে ইঞ্জিন কভারের নিচে খাকি ও নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে পুরো গাড়িতে নিবিড় তল্লাশি চালানো হলেও আর কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেছেন, অধিক মুনাফায় বিক্রির উদ্দেশ্যে তিনি শাহপরীর দ্বীপ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি বলেন, এই চালানের মূল হোতা ও জড়িত অন্যান্য চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।