সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে পর্যটকের মৃত্যু

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে চিংড়ি মাছ খাওয়ার পর তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মো. ইব্রাহিম (২২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. ইব্রাহিম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রূপগঞ্জ মাঝিপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে দুপুরের খাবার খাচ্ছিলেন ইব্রাহিম। খাবারের মেন্যুতে থাকা চিংড়ি মাছ খাওয়ার পরপরই তিনি হঠাৎ অসুস্থ ও অস্থিরতা অনুভব করতে শুরু করেন। তার আগে থেকেই তীব্র অ্যালার্জিজনিত সমস্যা ছিল। চিংড়ি খাওয়ার ফলে সেই অ্যালার্জি মারাত্মক আকার ধারণ করলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়।

অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত সেন্টমার্টিন ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তার আশঙ্কাজনক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরের পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বিকেল ৩টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে একটি স্পিডবোটে করে তাকে টেকনাফের উদ্দেশে পাঠানো হয়।

এবিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. এনামুল হক জানান, "বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ওই পর্যটককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বের অ্যালার্জিজনিত সমস্যার কারণে চিংড়ি মাছ খাওয়ার পর তীব্র শ্বাসকষ্ট (অ্যানাফাইল্যাকটিক শক) থেকেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেন্টমার্টিন ট্যুরিস্ট পুলিশ জোনের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম খান জানান, "খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে খোঁজখবর নেয়। ওই পর্যটকের আগে থেকেই তীব্র অ্যালার্জির সমস্যা ছিল বলে তার সফরসঙ্গীদের কাছ থেকে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শে দ্রুত স্পিডবোটে করে তাকে টেকনাফে পাঠানো হলেও বাঁচানো সম্ভব হয়নি। ভ্রমণে আসা পর্যটকদের নিজেদের শারীরিক অবস্থা ও অ্যালার্জির বিষয়টি মাথায় রেখে খাবার গ্রহণের জন্য আমরা সবসময় সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।"

সর্বশেষ সর্বাধিক পঠিত