যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে আন্তর্জাতিক সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্ত্তী

বাংলাদেশের নারী উদ্যোক্তা ও স্বাস্থ্য খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রীতি চক্রবর্ত্তী যুক্তরাজ্যের ঐতিহাসিক পার্লামেন্ট ভবন হাউস অব লর্ডসে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীকে ‘ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডারস ২০২৬’ সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনস্টারের হাউস অব লর্ডসের ঐতিহ্যবাহী চোমন্ডেলি রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

এশিয়াওয়ান মিডিয়া আয়োজিত ‘২৮তম এশিয়া-আফ্রিকা-ইউরোপ ইনভেস্টর ফোরাম ২০২৬’ এবং ‘এশিয়াওয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম ২০২৬’-এর অংশ হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

হাউস অব লর্ডসের সদস্য লর্ড ঢোলাকিয়া ওবিই ডিএলের আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বের ২০টি দেশের ব্যবসায়ী, নীতিনির্ধারক ও বিনিয়োগকারীরা অংশ নেন।

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের আধুনিকায়ন, বেসরকারি চিকিৎসাশিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে প্রীতি চক্রবর্ত্তীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে ‘ইনভেস্টরস অ্যান্ড ইনোভেশনস’ শীর্ষক গোলটেবিল বৈঠকেও অংশ নেন তিনি। এ ছাড়া ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। এশিয়াওয়ানের বিশেষ প্রকাশনা ‘দ্য নিউ ওয়েলথ ড্রাইভারস অব দ্য ওয়ার্ল্ড’-এ তার নেতৃত্ব ও সাফল্যের গল্পও তুলে ধরা হয়েছে।

প্রীতি চক্রবর্ত্তী ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যানের পাশাপাশি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) জ্যেষ্ঠ সহসভাপতি, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সহসভাপতি এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। তার বাবা প্রয়াত আশুতোষ চক্রবর্ত্তী এবং মা পুষ্প চক্রবর্ত্তী। সাত ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।

সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় প্রীতি চক্রবর্ত্তী বলেন, ‘হাউস অব লর্ডসের মতো ঐতিহাসিক মঞ্চে এই সম্মাননা পাওয়া শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের স্বাস্থ্য খাত ও নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রার বৈশ্বিক স্বীকৃতি। এ অর্জন দেশের মানুষের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তাকে অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাউস অব লর্ডস ও হাউস অব কমন্সের সদস্য লর্ড করণ বিলিমোরিয়া, লর্ড রাজ লুম্বা, মাইক উড এমপি, বেল রিবেইরো-অ্যাডি এমপি ও শওকত আদম এমপি উপস্থিত ছিলেন। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী ও নীতিনির্ধারক ড. আরশি আইয়ুবসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।