চকরিয়ায় আগুনে পুড়ল ১৬ দোকান

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা মাঝারফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে স্থানীয় রেজা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে মার্কেটের একটি ডেকোরেটার্সের দোকানে টমটমের ব্যাটারি চার্জে দেওয়া ছিল। সেখান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মার্কেটের একের পর এক দোকান পুড়ে যায়। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে জিয়াবুল হকের ওষুধের ফার্মেসি, তারেক সওদাগরের মুদির দোকান, তামজিদুল ইসলামের হার্ডওয়্যার ও তেলের দোকান, তৌহিদুল ইসলামের মুরগির দোকান, মনজুর আলমের হার্ডওয়্যার এবং আনছারের কাপড়ের দোকান পুড়ে গেছে। এ ছাড়া চারটি সেলুন, দুটি ইলেকট্রনিক্স ও ডেকোরেটার্সের দোকান এবং একটি লন্ড্রি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সব মিলিয়ে ১৬টি দোকান আগুনে পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ফার্মেসির মালিক জিয়াবুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ফার্মেসিতে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। জীবিকার প্রধান উৎস এভাবে ধ্বংস হয়ে যাবে, তা তিনি কল্পনাও করেননি।

অন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানের মালামালের পাশাপাশি নগদ অর্থও পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। দীর্ঘদিনের ব্যবসা ও জীবিকার সম্বল হারিয়ে তাঁরা এখন নিঃস্ব। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ দিদারুল হক বলেন, ভোররাতে কাকারা মাঝারফাঁড়ি বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।