টেকনাফে ইয়াবা পাচারকালে যুবক আটক 

কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলখালী এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জুতার ভেতরে অভিনব কায়দায় লুকানো ১ হাজার ৯৫৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) শীলখালী অস্থায়ী চেকপোস্টে এই অভিযান চালানো হয়। 

আটক মো. ফারুক (২২) চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী গ্রামের আলী হোসেনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী ‘নীলদরিয়া’ নামের একটি যাত্রীবাহী মিনিবাস শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে নিয়মিত তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় বাসের যাত্রী মো. ফারুকের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। একপর্যায়ে তার পায়ে থাকা জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো খাকি ও নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে তল্লাশিতে তার কাছ থেকে আর কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।