বাঙালি সমাজে আড্ডায়-আলোচনায় কিংবা কোনো তর্ক-বিতর্কে অনেক ক্ষেত্রেই উচ্চারিত হয় ‘এটাই হোক শেষ কথা’, এ বাক্যবন্ধটি। রবীন্দ্রনাথ তার ‘শেষ কথা’ কবিতায় বলেছেন, ‘মনে হয় কি একটি শেষ কথা আছে,/সে কথা হইলে বলা সব বলা হয়!/... শত গান উঠিতেছে তারি অন্বেষণে...’। তার এই কবিতাটির সূত্র ধরে আমরা অন্বেষণ চাই, শত শত বাবা-মায়ের ক্রন্দনের ও অসহনীয় বেদনাভারে ব্যথিত হাম নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ভার কার? ২৮ নভেম্বর ‘হাম কমছে না কেন কেউ জানে না’ শিরোনামযুক্ত দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদনটি মোটেও নৈরাশ্যের ছায়াবৃত নয়, বরং এও এক বেদনাদায়ক জিজ্ঞাসারই প্রতিফলন।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে আট মাসের বেশি সময়েও হাম নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই কেউ না কেউ প্রাণ হারাচ্ছে। ইতিমধ্যে সাড়ে ১৩শর বেশি শিশু প্রাণ হারিয়েছে। এতদিনেও নিয়ন্ত্রণে না আসায় অনেকেরই প্রশ্ন কবে কমবে হামের প্রাদুর্ভাব। কেনইবা নিয়ন্ত্রণে আসছে না। এখন পর্যন্ত পাওয়া যায়নি এসবের নির্দিষ্ট কোনো উত্তর। এখনো হাসপাতালগুলোতে অসংখ্য হাম আক্রান্ত শিশু চিকিৎসাধীন রয়েছে, থেমে নেই ভর্তি ক্রিয়া! তাদের বাবা-মা-স্বজনদের দুশ্চিন্তা-দুর্ভাবনার পারদ বিদ্যমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে কতটা ঊর্ধ্বমুখী, এও আর নতুন করে ব্যাখ্যার দাবি রাখে না। তাদের উৎকণ্ঠার নিরসন ঘটানোর দায়দায়িত্ব যাদের তাদের আর নির্বিকারত্ব আমরা দেখতে চাই না। এ নিয়ে এ পর্যন্ত কথা কম হয়নি, কিন্তু প্রতিবিধান চিত্র চরম অপ্রীতিকর। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) আজ পর্যন্ত এ প্রাদুর্ভাবের বিস্তার কিংবা নিয়ন্ত্রণহীনতার কোনো কারণই শনাক্ত করতে পারেনি! এ প্রাদুর্ভাব দেশের টিকাদান ও জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা কত প্রকট তাও করোনাউত্তর ফের উন্মোচন করেছে। যদিও সরকার সক্রিয় হয়ে দুই কোটির বেশি শিশুকে হামের টিকার আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে, কিন্তু প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য অধিদপ্তরের কেউ কেউ বলেছেন, হাম তাদের ঘাম ঝরিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এরপরও প্রতিফলিত কী?
এই সম্পাদকীয় স্তম্ভেই আমরা বহুবার তাগিদ দিয়েছি, টিকাদান কর্মসূচি ঢেলে সাজানোর পাশাপাশি প্রতিরোধে ব্যর্থতার কারণ শনাক্তকরণের। আমরা এও বলেছি, চিকিৎসা ব্যবস্থার দৈন্য চিহ্নিত করে সময়ক্ষেপণ না করে প্রতিবিধানে অধিকতর সক্রিয়তার কোনো বিকল্প নেই। আমরা দেখেছি, টিকাদানের হার কমে গেলে কিছু ব্যাধি কতটা প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি করতে পারে। প্রতিরোধযোগ্য ব্যাধিটি চিকিৎসাবিজ্ঞানের উৎকর্ষকালেও তা আমাদের দেশে এত ভয়ংকর রূপ নিল কীভাবে এর সুলোকসন্ধান জরুরি। আমরা জানি, হামের দুই ডোজ টিকাই শিশুকে এর হাত থেকে সুরক্ষা দিতে পারে। কিন্তু কেন এ ক্ষেত্রে গলদ জেঁকে বসল? টিকাদানের ক্ষেত্রে পরপর কয়েকটি সরকারের ধারাবাহিক ব্যর্থতা ও গাফিলতির মূল্য জীবন দিয়ে চোকানোর পরও কেন এখন পর্যন্ত এ ক্ষেত্রে আশার আলো দৃশ্যমান করা গেল না? বাংলাদেশে হামের প্রকোপ কমছে না কেন, তা পর্যবেক্ষণ করতে গিয়ে শিশুদের হামের টিকাদানে ব্যর্থতা পেয়েছে আন্তর্জাতিক ও দেশি বিশেষজ্ঞদের স্বাধীন দল, এই বার্তা নিকট অতীতে সংবাদমাধ্যমের। তা ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গ্যাভির প্রতিনিধি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, ইপিআইয়ের কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের এই দল হামের প্রাদুর্ভাবের কারণ, টিকা পরিস্থিতি, ইপিআই কর্মকাণ্ডসহ নানা বিষয় অনুসন্ধান ও মূল্যায়ন করে, তাও সংবাদমাধ্যম মারফতেই জানা গেছে। একই সঙ্গে শিশুদের টিকাদানে ঘাটতি, ২০২৫ সালে হাম-রুবেলার টিকার মজুদ ফুরিয়ে যাওয়া এবং বিশেষ টিকাদান কর্মসূচির বিলম্বকে দেশে হামের প্রাদুর্ভাবের কারণ এবং প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের সাড়াও ছিল অপর্যাপ্তÑ এই বার্তাগুলো দায়িত্বশীলদের কতটা সজাগ করেছে?
যুক্তরাষ্ট্রের আইনজীবী, লেখক, রাজনীতিবিদ, সিনেটর টমাস রিচার্ড হারকিন বলেছেন, “আমাদের বর্তমান ব্যবস্থাটি আসলে ‘স্বাস্থ্যসেবা’ নয়, বরং ‘অসুস্থতার সেবা’, কারণ এখানে রোগ প্রতিরোধের চেয়ে অসুস্থ হওয়ার পরের চিকিৎসাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।” আমাদের বিদ্যমান বাস্তবতার প্রেক্ষাপটে তার উক্তিটি কতটা প্রণিধানযোগ্য এও নতুন করে ব্যাখ্যার দাবি রাখে না। আমরা প্রশ্ন রাখতে চাই, টিকাদান কর্মসূচির ব্যর্থতা ও বিপুল শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হবে না? স্বাস্থ্য ব্যবস্থায় সংস্কার ও শৃঙ্খলা প্রতিষ্ঠা কি দুরূহই থেকে যাবে? আমরা চাই না ব্যবস্থার গলদে বারবার আক্রান্ত হোক জীবন।