দেশে আন্তর্জাতিক ও আমাদের দেশের অনেক দিবস প্রতি বছর পালিত হয়। দিবসকে সামনে রেখে পত্রপত্রিকায় কিছু প্রতিবেদন, সরকারি-বেসরকারি পর্যায়ে কয়েকটি র্যালি আর বড়জোর দু-একটি পোস্টার প্রকাশনা ছাড়া সারা বছরে তেমন কোনো কর্মসূচি দেখা যায় না। যেমন আমাদের সড়ক-মহাসড়কে দামি ও বিলাসবহুল গাড়ির সংখ্যা বাড়লেও কোম্পানির যাত্রীবাহী বাস কাউন্টারগুলোতে গেলে পরিচ্ছন্ন টয়লেটের সুবিধাদি থাকে না। হাত ধোয়ার জন্য সাবান পাওয়ার নিশ্চয়তা পাওয়া যায় না। সারা দেশে সরকারি হাসপাতালে ওয়াশরুমগুলোতে সাবান রাখার চর্চা দেখা যায় না। উপজেলা, জেলা সদর হাসপাতালগুলোতে হাত ধোয়ার জন্য সাবান পাওয়া একরকম ভাগ্যের ব্যাপার। ব্যক্তিগতভাবে উপজেলা, জেলা সদর হাসপাতালগুলোতে কখনো সাবান পেয়েছি বলে মনে পড়ে না। অথচ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর পালিত হয় ‘হাত ধুয়া দিবস’।
সরকারি সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোতে দর্শনাথী কিংবা সেবা গ্রহীতাদের জন্য নির্ধারিত টয়লেট বা ওয়াশরুম থাকলেও পরিচ্ছন্ন পরিবেশ আর সাবান পাওয়ার নিশ্চয়তা শুধু ইচ্ছা শক্তির ব্যাপার হলেও বাস্তবায়ন হয় না। দুর্বল ব্যবস্থাপনার কারণে বিশেষ করে নারী সেবা গ্রহীতারা খুব বেশি বাধ্য না হলে টয়লেট ব্যবহার কিংবা ব্যক্তিগত পরিচ্ছন্নতা চর্চা থেকে অনেকটা বাধ্য হয়ে নিজেদের দূরে রাখেন। দূরপাল্লার বাসে ভ্রমণকালে পুরুষ যাত্রীরা যেনতেন উপায়ে ওয়াশরুম ব্যবহার করতে দেখা গেলেও, অপরিচ্ছন্ন আর অব্যবস্থাপনার কারণে নারী যাত্রীরা টয়লেট ব্যবহার থেকে নিজেদের বিরত রাখতে দেখা যায়। লক্ষ্য করলে দেখবেন, অনেক নারী যাত্রী ভ্রমণ করার আগেই পানি পান করা বন্ধ করে দেন। ওয়াশরুম ব্যবহারের প্রয়োজন থাকলেও অব্যবস্থাপনা আর দুর্গন্ধ এড়াতে ব্যবহার করা থেকে দূরে রাখেন। দুই-আড়াই কোটি লোকের বসবাস ঢাকা শহরে যত্রতত্র নানান স্থাপনা গড়ে উঠলেও পর্যাপ্ত ও পরিচ্ছন্ন পরিবেশে ওয়াশরুম সুবিধা প্রদান করা এখনো স্বপ্নের মতো রয়ে গেছে। বড় শপিংমলগুলোতে পরিচ্ছন্ন ওয়াশরুমের সুবিধাদি পাওয়া যাচ্ছে, এটা একটা ভালো দিক। কিন্তু আমাদের সিটি করপোরেশনগুলোর উদ্যোগে কিছু ওয়াশরুম গড়ে উঠলেও নিরাপত্তা আর অপরিচ্ছন্ন পরিবেশের কারণে সব শ্রেণি-পেশার মানুষের জন্য উপযোগী করা যায়নি।
সারা দেশে সিটি করেপোরেশন কিংবা পৌরসভার অধীনে থাকা ওয়াশরুম ব্যবহার করতে কমপক্ষে ৫-১০ টাকা ব্যয় করতে হয়। তারপরও পরিচ্ছন্ন পরিবেশ পাওয়ার নিশ্চয়তা থাকে না। ঢাকা শহরের বাইরের অভিজ্ঞতায় বাগেরহাট ষাটগম্বুজ মসজিদের প্রবেশমুখে থাকা ওয়াশরুম, রাঙ্গামাটি বনরূপা বাজারের নিচের তলায় থাকা ওয়াশরুম আর রাজশাহী শহরে চিড়িয়াখানার ভেতরে থাকা ‘ভিআইপি’ নামে ওয়াশরুমটি কিছুটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা পেয়েছি। শহরজুড়ে প্রচুর ভবঘুরে মানুষ রয়েছেন, যারা ফুটপাতেই জীবনযাপন করে থাকেন। তারা তাদের প্রাকৃতিক কর্ম ভোরে কিংবা সন্ধ্যায় যেখানে-সেখানে সেড়ে ফেলেন। আমরা তাদের দ্বারা সৃষ্ট পয়ঃবর্জ্যগুলো এড়িয়ে চলার চেষ্টা করি মাত্র। এসব শ্রেণির মানুষদের স্যানিটেশনের আওতায় আনতে মোবাইল টয়লেটের ব্যবস্থার কথা চিন্তা করতে পারি। একই সঙ্গে শহরে থাকা সব ওয়াশরুমে তাদের জন্য বিনামূল্যে ব্যবহারের জন্য একটি কার্ড বা পরিচিতি নম্বর দেওয়ার চিন্তা করতে পারি। পাশাপাশি অপরিকল্পিত ঢাকা শহরে ধুলাবালির মাঝেও ফুটপাত দখলে রেখে স্ট্রিটফুট খাওয়ার সংস্কৃতি গড়ে উঠেছে। তরুণদের আগ্রহের কথা চিন্তা করে, স্ট্রিটফুট বিক্রেতাদের প্রশিক্ষণের আওতায় আনার চিন্তা করা যেতে পারে এবং তরুণদের সমাগম স্থলে মোবাইল ওয়াশরুমের সুবিধাদি চালুর চিন্তা করতে পারি।
অন্যদিকে এনজিওরা হ্যান্ডওয়াশ প্রশ্নে সবাই গ্রামের দিকে ছুটে চলেন। সবাই গ্রামের মানুষদের শেখাতে চান। শহরে এ ব্যাপারে নজর দেওয়া দরকার আগে। সরকারি পর্যায়ের সব অফিস-আদালতের ওয়াশরুমগুলোকে ব্যবহার উপযোগী রাখতে নিশ্চিত করতে হবে। তবেই আমাদের দেখাদেখি চর্চাগুলো ছড়িয়ে পড়বে। ফিলিপাইনের শহরগুলোতে ঘুরতে গেলে সর্বত্র ওয়াশরুমের দেখা মেলে। তাদের ওয়াশরুমগুলো ছিমছাম, সবার ব্যবহার উপযোগী পরিবেশ বজায় রাখা হয়। শহর-বন্দর-নগরজুড়ে ওয়াশরুমগুলোর পরিকল্পনায় আধুনিকতার ছোঁয়া থাকা আবশ্যক। আরেকটি দৃষ্টান্ত, যেমন ১৫ অক্টোবর আমরা বিশ্ব সাদাছড়ি দিবসও পালন করি। এই গুরুত্বপূর্ণ দিবসটিও হ্যান্ডওয়াশের মতোই অনেকটা নীরবে পালিত হয়ে থাকে। সরকারি হিসেবে দেশে দৃষ্টিপ্রতিবন্ধীর সংখ্যা প্রায় চার লাখেরও বেশি বলে জানা যায়। সরকারিভাবে ২০১৬ সালে দৃষ্টিপ্রতিবন্ধীদের কথা মাথায় রেখে ফুটপাতগুলোতে বিশেষ টেকটাইল বসানোর উদ্যোগ চোখে পড়ে। আমরা ফুটপাতগুলো পরিষ্কার রাখার বদলে সবাই নানান প্রক্রিয়ায় দখল করেই চলেছি। নানাভাবে ফুটপাতে স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে পড়তে হয় প্রতিবন্ধকতার মুখে। গণপরিবহনগুলো থেকে শুরু করে অনেক কিছুই প্রতিবন্ধীবান্ধব নয়। দিবস পালনের প্রতিপাদ্য শুধু ওই দিনেই ব্যানারে-ফেস্টুনে শোভা পায় কিন্তু বছরব্যাপী এর প্রতিপালন হয় না।
অস্ট্রেলিয়াতে দেখেছি রেলস্টেশন, অফিস, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, যাত্রীবাহী বাস, মার্কেট, ফুটপাত সবক্ষেত্রে একজন প্রতিবন্ধীর সহজ চলাচলের সুবিধাদি রয়েছে। একজন প্রতিবন্ধী তার নিজের ব্যাটারিচালিত হুইলচেয়ার ব্যবহার করে সর্বত্র চলাফেরা করতে পারছেন। আমাদের পরিকল্পনায়, শিক্ষায়, আচরণে প্রতিবন্ধীদের উপস্থিতি নেই বললেই চলে। একজন সুস্থ মানুষের পক্ষেও যেখানে শহর এলাকার বাস ব্যবহার করা কঠিন। আমাদের মতো সমাজ ব্যবস্থায় দৃষ্টিপ্রতিবন্ধীসহ সব প্রতিবন্ধীর বসবাস উপযোগী করতে একদিন মাত্র দিবস পালন করলে হবে না। প্রতিবন্ধীবান্ধব সমাজ গড়তে নিজেদের মতো করে সাজানোর চর্চা থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিবন্ধী, দৃষ্টিপ্রতিবন্ধী আর পরিচ্ছন্ন সমাজের প্রয়োজনে আমাদের ‘মনমানসিকতা-চিন্তার প্রতিবন্ধীতা’ দূর করতে হবে সবার আগে।
লেখক : উন্নয়নকর্মী ও গবেষক
nyohlamong2gmail.com