এডিআর পদ্ধতি কতটা কার্যকর

কয়েক দিন আগে দেশ রূপান্তরে ফের খেলাপি ঋণের যে চিত্র উঠে এসেছে তা দেশের অর্থনীতির জন্য উৎকণ্ঠার। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বিআরপিডি ২, সার্কুলার নং ০৪ জারি করেছে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি প্রয়োগ করে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করার উদ্দেশ্যে। এই সার্কুলারের মাধ্যমে এডিআর পদ্ধতি প্রয়োগের ব্যাপারে একটি নীতিমালা জারি করা হয়েছে এবং যারা এই এডিআর সুবিধা প্রদান করবে, তাদের অনুমোদন লাভের প্রক্রিয়া এবং শর্তাবলি উল্লেখ করা হয়েছে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, আর্থিক খাতের খেলাপি ঋণ আদায় কার্যক্রম ত্বরান্বিতকরণ এবং খেলাপি ঋণের বিপরীতে আদালতে বিচারাধীন মামলার সংখ্যা হ্রাসের লক্ষ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি কার্যকর ভূমিকা রাখতে পারে। সত্যিকার অর্থে দেশের আর্থিক খাতের পাহারসম খেলাপি ঋণ আদায়ে এই এডিআর পদ্ধতি আদৌ ভূমিকা রাখবে কিনা এবং রাখলেও কতটুকু রাখবে, তা হয়তো ভবিষ্যৎ বলতে পারবে।

এডিআর পদ্ধতি আপাতদৃষ্টিতে বেশ ভালো মনে হওয়া স্বাভাবিক, যদিও ব্যাংকিং লেনদেনের সঙ্গে তৃতীয় পক্ষকে জড়িত করার বিষয়টি নিরুৎসাহিত করা হয়। যেখানে গ্রাহকের কাছে আইনগত বিষয় এবং কাগজপত্রের জটিলতা থাকে, সেখানে আইনজীবীর সহায়তা নেওয়া হয়। নিরুৎসাহিত করার অন্যতম কারণ হচ্ছে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে অর্থ এবং আর্থিক সম্পদসহ অনেক গোপনীয় তথ্য থাকে, যা গ্রাহক ছাড়া অন্য কারও কাছে যাওয়া উচিত নয়। আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় একজন ব্যাংক কর্মকর্তা গ্রাহকের জন্য আর্থিক পরামর্শক বা সম্পদ ব্যবস্থাপনার ভূমিকা পালন করে থাকে। যদি ব্যাংকাররা এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, তাহলে গ্রাহকের তৃতীয় পক্ষের সহযোগিতার প্রয়োজন হয় না। একজন ব্যাংকারের প্রধানতম দায়িত্ব হচ্ছে ব্যাংক এবং গ্রাহক, উভয়ের স্বার্থ সমানভাবে রক্ষা করা। কিন্তু আমাদের দেশের ব্যাংকিং খাতে এই প্র্যাকটিস সেভাবে প্রচলিত নেই। আজ থেকে প্রায় তিন দশক আগে আমরা যখন ব্যাংকিং পেশায় যোগ দিয়েছিলাম, তখন এ ধরনের সার্ভিসের যে সামান্যতম প্রচলন ছিল, সেটাও এখন হারিয়ে গেছে। ফলে অধিকাংশ গ্রাহক, বিশেষ করে যারা ক্ষুদ্র ও মাঝারি আকৃতির ব্যবসা পরিচালনা করে, তারা অর্থ ব্যয় করে উপযুক্ত আর্থিক বিশ্লেষক রাখতে পারে না। আবার ব্যাংকের কাছ থেকে সঠিক সেবাও পান না। 

নিরুপায় হয়ে গ্রাহকরা ব্যাংকের কাছে যান আর অনেক ক্ষেত্রে ব্যাংকার প্রতিষ্ঠানের স্বার্থ এবং সুবিধাকে প্রাধান্য দিয়ে ইচ্ছামতো ঋণ দেন এবং যেভাবে পারেন সেভাবে সব প্রকার কাগজপত্র স্বাক্ষর করিয়ে নেন, এ অভিযোগ নতুন নয়। গ্রাহকদের যেহেতু অর্থের প্রয়োজন এবং তাদের সে রকম কোনো বিকল্প নেই, তাই তারা বুঝে, না বুঝে সবকিছু মেনে নেন। যেমন গ্রাহকের প্রয়োজন দীর্ঘমেয়াদি বা টার্ম লোন, ব্যাংক দিয়ে দেয় স্বল্পমেয়াদি বা টাইম লোন অথবা ওভারড্রাফট। আবার দেখা যাবে গ্রাহকের প্রয়োজন ওভারড্রাফট, অথচ ব্যাংক দিয়ে দেয় টাইম অথবা টার্ম লোন। একইভাবে যে কাগজের প্রয়োজন আছে সেটাও গ্রাহকদের দিয়ে স্বাক্ষর করিয়ে নেবেন আর যে কাগজের প্রয়োজন নেই, সেটাও গ্রাহককে দিয়ে স্বাক্ষর করিয়ে নেবেন। উদাহরণ হিসেবে পার্সোনাল গ্যারান্টির কথা উল্লেখ করা যেতে পারে, যা ব্যাংকার নির্বিচারে সব প্রকার ঋণের বিপরীতে সব গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করে থাকে। এভাবে ঋণ নেওয়া এবং ডকুমেন্ট স্বাক্ষর করার কারণে অধিকাংশ ঋণগ্রহীতা স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারেন না এবং একপর্যায়ে ঋণও নিয়মিত পরিশোধ হয় না। এই সমস্যার সমাধান করতে এবং ব্যাংক ও গ্রাহকদের মধ্যে মানসম্মত সেবা নিশ্চিত করার স্বার্থে উপযুক্ত তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের সেবা চালু করা যেতে পারে এবং এতে বেশ ভালো ফলও পাওয়া সম্ভব। কিন্তু সেই মানসম্পন্ন পদ্ধতি তখনই কাজ করবে, যখন দেশের ব্যাংকিং খাত মানসম্পন্ন অবস্থায় থাকবে এবং ব্যবসাবাণিজ্য, উৎপাদন ও অর্থনীতি স্বাভাবিকভাবে চলবে।

মানসম্পন্ন পদ্ধতিগুলো আপাতত সরিয়ে রেখে আগে দেশের ব্যবসাবাণিজ্য ও অর্থনীতিতে গতি সঞ্চারে মনোযোগী হওয়া প্রয়োজন এবং পাশাপাশি দেশের ব্যাংকিং খাতকে ঠিক করার কাজে হাত দেওয়া উচিত। বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, সেখানে এই মৌলিক দুটো বিষয় ঠিক না করে অন্য যে পদক্ষেপই নেওয়া হোক না কেন, তা খুব একটা কাজে আসবে না। এডিআর হিসেবে বাংলাদেশ ব্যাংকে তালিকাভুক্তির বিধিবদ্ধ যোগ্যতা ও অভিজ্ঞতা, প্রাতিষ্ঠানিক কাঠামো, আর্থিক বিষয়, মধ্যস্থাকারী প্যানেলের আকার, প্যানেল মেম্বরদের যোগ্যতা ও অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়ন, এর সবই পুঙ্খানুপুঙ্খ উল্লেখ আছে এডিআর নীতিমালায়। কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা হয়নি। প্রথমত, কোন ধরনের খেলাপি ঋণ এই পদ্ধতিতে সমাধান করা হবে, তার সুস্পষ্ট উল্লেখ নেই। অর্থাৎ শুধু সেসব খেলাপি ঋণ, যা আদায়ে মামলা বিচারাধীন আছে, নাকি সব ধরনের খেলাপি ঋণ এই পদ্ধতিতে সমাধান করা হবে। দ্বিতীয়ত, এডিআর প্রতিষ্ঠান এবং মধ্যস্থতাকারীর পারিতোষিক বা ফি কেমন হবে এবং কোন পক্ষ সেটা প্রদান করবে, তাও স্পষ্ট করে উল্লেখ নেই। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ ফি, নাকি আদায় করা ঋণের একটি অংশ ফি হিসেবে প্রদান করা হবে। শুধু তাই নয়, এই ফি প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে প্রদান করতে হবে, নাকি খেলাপি ঋণ আদায় হওয়ার পর পরিশোধ করা হবে। কোন পক্ষ এই ফি প্রদান করবে, অর্থাৎ ব্যাংক না ঋণগ্রহীতা? ফি সংক্রান্ত এসব বিষয় আগে থেকে নির্দিষ্ট করে দেওয়া না থাকলে, মারাত্মক ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক। মধ্যস্থাকারী প্যানেল মেম্বরের যোগ্যতা সম্পর্কে উল্লেখ আছে যে ব্যাংক, ফাইন্যান্স, আইন, হিসাবরক্ষণ, নিরীক্ষা এবং বিচারকার্যে অন্যূন দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। খুবই ভালো শর্ত। কিন্তু যদি এই দশ বছরের মধ্যে ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং খেলাপি ঋণ আদায় বা খেলাপি ঋণের মামলা পরিচালনার অভিজ্ঞতা না থাকে, তাহলে তো সেই অভিজ্ঞতাসম্পন্ন প্যানেল মেম্বর খেলাপি ঋণ সমাধানে মধ্যস্থতাকারীর দায়িত্ব সেভাবে পালন করতে পারবেন না। যে ব্যাংকার কোনো দিন ঋণ বিভাগে কাজ করেননি বা যে আইনজীবী ব্যাংকের ঋণ সংক্রান্ত মামলা পরিচালনা করেননি, তারাও এডিআর নীতিমালার শর্ত অনুযায়ী মধ্যস্থতাকারী প্যানেল মেম্বার হতে পারবেন। এ রকম প্যানেল মেম্বর খেলাপি ঋণ সমস্যা সমাধানে যে খুব একটা সফল হবেন না, তা খুব সহজেই অনুমেয়।

এসব বিষয় সুরাহা করে এডিআর নীতিমালায় অন্তর্ভুক্ত করলেই যে এই পদ্ধতি খেলাপি ঋণ সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারবে, এমন সম্ভাবনা আপাতত খুব একটা আছে বলে মনে হয় না। কেননা খেলাপি ঋণ আদায়ে এ ধরনের বিকল্প পদ্ধতি বা তৃতীয় পক্ষের মধ্যস্থতা খুব একটা সফলতা আনতে পেরেছে, সেই পরিসংখ্যান আমাদের সামনে খুব একটা নেই। খেলাপি ঋণ সমস্যার সমাধান করতে চাইলে মোটা দাগে তিনটি পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই। প্রথমত, যেভাবে খেলাপি ঋণ সৃষ্টি হয়, বিশেষ করে অর্থনীতি ও ব্যবসায়িক অনিবার্য পরিণতি ছাড়া যেভাবে খেলাপি ঋণ হয়, সেই পথ সবার আগে বন্ধ করতে হবে। দ্বিতিয়ত, ইতোমধ্যে যেসব ঋণ খেলাপি হয়ে গেছে, তার মধ্যে একটি অংশ হয়তো আদায় হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে যাদের উৎপাদন এবং ব্যবসা চালু আছে, তাদের কিছু সহযোগিতা করলে খেলাপি ঋণ আদায় করা সম্ভব। এ ধরনের খেলাপি ঋণ আদায়ের জন্য ব্যাংকের বিশেষ পদক্ষেপ নিতে হবে। তৃতীয়ত, বাকি যে খেলাপি ঋণ আছে, যা আদায়ের কোনো সম্ভাবনা নেই, বিশেষ করে যে সব ঋণগ্রহীতার উৎপাদন বা ব্যবসা বন্ধ হয়ে গেছে, যাদের ঋণের টাকা বেহাত হয়ে গেছে বা যারা ঋণের টাকা পাচার করে ফেলেছে, তাদের খেলাপি ঋণ আদায় হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ ধরনের খেলাপি ঋণ সমস্যা সমাধানের একমাত্র পথ হচ্ছে অবলোপন বা রাইট-অফ। যদি ব্যাংকের হাতে খেলাপি ঋণের বিপরীতে পর্যাপ্ত প্রভিশন থাকে, তাহলে ব্যাংক নিজেই খুব সহজে এই সমস্যার সমাধান করে ফেলতে পারে।

দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশের অধিকাংশ ব্যাংকের হাতে পর্যাপ্ত প্রভিশন নেই। এই অবস্থায় ব্যাংকের ভবিষ্যতে অর্জিত মুনাফা বিবেচনায় নিয়ে খেলাপি ঋণ অবলোপনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে এই প্রক্রিয়ায় খেলাপি ঋণ সমস্যার সমাধান করতে গেলে সরকারি সহযোগিতার প্রয়োজন আছে, যা সরকারি মালিকানা ও তত্ত্বাবধানে থাকা তৃতীয় পক্ষের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। কিন্তু

প্রস্তাবিত এডিআর পদ্ধতি ব্যবহার করে সেটি সম্ভব হবে না। উল্লিখিত এই তিন পদ্ধতি ছাড়া খেলাপি ঋণ সমস্যা সমাধানের অন্য কোনো গ্রহণযোগ্য পদ্ধতি আমাদের জানা মতে নেই। উল্লেখ্য, ইতালি, আয়ারল্যান্ডসহ বিশ্বের অনেক দেশ এই পদ্ধতি অনুসরণ করে খেলাপি ঋণ সমস্যার সন্তোষজনক সমাধান করেছে। এই তিন পদ্ধতি কীভাবে কাজ করে, তা বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে যে মাত্রার আলোচনা প্রয়োজন, তার সুযোগ এখানে সীমিত। 

লেখক : আর্থিক খাত বিশ্লেষক ও সার্টিফাইড অ্যান্টি-মানিলন্ডারিং বিশেষজ্ঞ, টরন্টো, কানাডা

Nironjankumar_roy@yahoo.com