আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে গতকাল শনিবার একটি স্কুলের কাছে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত ও আরও অন্তত ১১০ জন আহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুুল মতিন কানি এক বিবৃতিতে জানিয়েছেন, স্কুলটির কাছে খনি কোম্পানিগুলোর গুদামে মজুদ করে রাখা বিস্ফোরক থেকে বিস্ফোরণটি ঘটেছে, প্রাথমিক প্রতিবেদনগুলো থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে। পাকিস্তানের সীমান্তবর্তী কুনার প্রদেশে বেশ কিছু খনি আছে।
মতিন কানি জানান, কুনারের রাজধানী আসাদাবাদ জেলার আন্দারসেইর এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে চারজনকে জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের কুনার প্রদেশেই চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে। তদন্ত শেষ হওয়ার পর বিস্তারিত জানানো হবে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আসাদাবাদের একটি হাসপাতালে গাড়ি থেকে বেশ কয়েকজন আহত শিশুকে বের করে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালের ভেতরের ছবিতে আরও দেখা যায়, হাসপাতালের বিছানায় মাথায় ব্যান্ডেজ বাঁধা শিশুদের পাশাপাশি শুইয়ে রাখা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, কুনার প্রদেশের সংস্কৃতি ও তথ্যবিষয়ক পরিচালক সামি উল হক বায়ান বলেন, খনন ও পাথর বিস্ফোরণের জন্য বিস্ফোরক প্রস্তুতের সময় আসাদাবাদের শাগাই মিডল স্কুলের কাছে একটি বাড়িতে বিস্ফোরণটি ঘটে। অ্যাসোসিয়েটেড প্রেসও (এপি) ওই কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, আহত ১৫ জন হাসপাতালে রয়েছেন, বাকিদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
কুনার প্রদেশ আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তলাগোয়া। আর এখান থেকেও সন্দেহ বাড়ছে, এটি শুধুই বিস্ফোরণের ঘটনা, না কি কোনো হামলা? আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে সংঘর্ষ লেগেই রয়েছে। ফলে এটি কোনো হামলার ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।
গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলে এক শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরণে অন্তত ৪২ জন শিশু আহত হয়েছিল বলে দেশটিতে থাকা জাতিসংঘের সহায়তা মিশন জানিয়েছিল। আহত এ শিক্ষার্থীদের সবার বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে ছিল। তবে কুনারে হতাহত শিক্ষার্থীদের বয়স সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।