স্পেনে জাতীয় নির্বাচনের ভোট আজ। ভোটের শেষ মুহূর্তের প্রচারে শুক্রবার ব্যস্ত সময় কাটিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। এদিন স্পেনকে ‘পেছনের দিকে’ যাত্রা থেকে রক্ষা করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। নির্বাচনে রক্ষণশীল ও কট্টর ডানপন্থিদের জয়ী হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
আগামী ১২ মাসে ইউরোপে একাধিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব নির্বাচনের মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। এ কারণে স্পেনের রবিবারের নির্বাচন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অন্যতম পরিচিত বামপন্থি নেতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুসংহত করেছেন সানচেজ। তবে দেশের অভ্যন্তরে তাকে নিয়ে তীব্র মতবিরোধ রয়েছে। ফলে ৮ বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা সানচেজের ক্ষমতায় থাকার বিষয়টি এখন ঝুঁকির মুখে।
জনমত জরিপগুলোতে ধারাবাহিকভাবে তিনি প্রধান ডানপন্থি দল পপুলার পার্টির (পিপি) চেয়ে পিছিয়ে রয়েছেন। এবারের নির্বাচনেও পার্লামেন্টে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। তবে পিপি সবচেয়ে বেশি আসন পেতে পারে।
এ অবস্থায় স্পেনের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি অভিবাসনবিরোধী কট্টর ডানপন্থি দল ভক্সের ওপর নির্ভর করতে হতে পারে পিপিকে। দলটি নির্বাচনে তাদের আসনসংখ্যা দ্বিগুণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে কয়েকটি অঞ্চলে পিপির সঙ্গে যৌথভাবে সরকার পরিচালনা করছে ভক্স।
এ ধরনের জোট হলে তা হবে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর ফ্যাসিবাদী সমর্থনপুষ্ট স্বৈরশাসনের (১৯৩৯-১৯৭৫) অবসানের পর স্পেনের গণতন্ত্রে উত্তরণের ইতিহাসে প্রথম ঘটনা।
মাদ্রিদে প্রচারের শেষ সমাবেশে সানচেজ সতর্ক করে বলেন, পিপি ও ভক্সের সরকার গঠিত হলে সামাজিক অগ্রগতির বহু বছরের অর্জন উল্টে যাবে এবং জনসেবামূলক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়বে। তিনি বলেন, ‘এই নির্বাচন স্পেনকে এগিয়ে নেওয়ার জন্য, পেছনে ঠেলে দেওয়ার জন্য নয়।’ অস্কারজয়ী স্প্যানিশ চলচ্চিত্র পরিচালক পেদ্রো আলমোদোভার বক্তব্যের পর তিনি এ কথা বলেন।
‘জনগণের ক্ষমতা’ স্লোগান লেখা লাল টি-শার্ট পরা সানচেজ ভোটারদের ব্যাপক উপস্থিতির আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা আমাদের নাগালের মধ্যেই রয়েছে।’
২০২৩ সালের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েও সরকার গঠন করতে ব্যর্থ হওয়া পিপি নেতা আলবার্তো নুনিয়েজ ফেইখো সানচেজের ‘ভীতির প্রচার’ বলে অভিহিত বক্তব্য প্রত্যাখ্যান করেন।