রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পাকিস্তান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশের টিসিবি ও পাকিস্তানের রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ সকাল সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক সই হবে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দারের সমঝোতা স্মারকে স্বাক্ষর করার কথা রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই চুক্তির মাধ্যমে পাকিস্তান থেকে পণ্য আমদানির পাশাপাশি বাংলাদেশও সেদেশে পণ্য রপ্তানি করবে। পাকিস্তানের আগ্রহ রয়েছে তেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও সার রপ্তানিতে। অন্যদিকে বাংলাদেশের সূর্যমুখী তেল, রাইস ব্র্যান অয়েল, আম, আনারস, কাঁঠাল, আলু ও চা রপ্তানির পরিকল্পনা রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে রমজান উপলক্ষে কিছু পণ্যের বাড়তি চাহিদা তৈরি হয়। এই চাহিদাকে কেন্দ্র করে টিসিবি ভর্তুকি মূল্যে সারা দেশের নিম্ন আয়ের মানুষের জন্য তেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করে থাকে। আসন্ন রজমান উপলক্ষে পাকিস্তান থেকেও দ্রুততম সময়ে মসুর ডাল, ছোলা ও খেজুর আমদানির বিষয়টি প্রাথমিকভাবে আলোচনায় রয়েছে। তবে আমদানির পরিমাণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। রমজান মাস ছাড়াও টিসিবি তাদের পণ্যগুলো কার্ডের মাধ্যমে সারা দেশের লাখ লাখ মানুষের কাছে বিক্রি করে। সরকার এ খাতে ভর্তুকি প্রদান করায় পণ্যগুলো বাজারের সাধারণ মূল্যের চেয়ে কমে বিক্রি করে টিসিবি।
টিসিবি সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে টিসিবির। এর মধ্যে রয়েছে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা ও ৪ হাজার ৪০০ টন খেজুর। এই পণ্যগুলো স্থানীয় ও আন্তর্জাতিক সরবরাহকারীদের মাধ্যমে কিনে থাকে টিসিবি। প্রতিষ্ঠানটি সাধারণত উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে পণ্য কেনে। দরপত্র আহ্বানের পর যোগ্য সরবরাহকারীদের প্রস্তাব মূল্যায়ন করে পণ্য কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ইতিমধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। ২০২৫ সালের ১৪ জানুয়ারি পাকিস্তানের টিসিপি ও বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের মধ্যে সরকারি পর্যায়ে চাল রপ্তানির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। এর আওতায় বছরে সর্বোচ্চ ২ লাখ টন চাল রপ্তানির সুযোগ রাখা হয়েছে।
একই বছরের ২৪ আগস্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি সই হয়। পাশাপাশি বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, সংবাদ সংস্থা বাসস ও এপিপির মধ্যে সহযোগিতা এবং দুই দেশের কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতাবিষয়ক চারটি সমঝোতা স্মারক সই হয়।
গত বছরের ২৭ অক্টোবর দুই দেশের নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে বিএসটিআই ও পাকিস্তান হালাল কর্তৃপক্ষের মধ্যে আরেকটি সমঝোতা স্মারক সই হয়।