ছয় মাসে এলএনজিতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি : তিতুমীর

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০১:০২ এএম

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিতে বিপুল ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে এ খাতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ¦ালানি সংকটের সমাধান সম্ভব নয়। উৎপাদন, সঞ্চালন ও বিতরণসহ জ¦ালানি ব্যবস্থার প্রতিটি পর্যায়ে দক্ষতা বাড়াতে হবে। এলএনজি আমদানিতে বিপুল ভর্তুকি রাষ্ট্রের ওপর আর্থিক চাপ তৈরি করছে। এ কারণে আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ¦ালানির সক্ষমতা বাড়াতে হবে।

গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ¦ালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জ¦ালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ¦ালানির কোনো বিকল্প নেই’ প্রতিপাদ্যে এ সম্মেলন শুরু হয়েছে।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ¦ালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থের আওতায় গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন। সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদ ছাড়াও উপযুক্ত কৃষিজমিতে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সুযোগ রয়েছে। তিনি নবায়নযোগ্য জ¦ালানিকে জাতীয় জ¦ালানি ব্যবস্থার মূল ধারায় নিয়ে আসার ওপর গুরুত্ব দেন।

তিন দিনের এ সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। ২০২৩ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশ জ¦ালানি সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০২৪ ও ২০২৫ সালে দ্বিতীয় ও তৃতীয় সম্মেলন হয়। বিডব্লিউজিইডির উদ্যোগে দেশের ১৪টি সংগঠনের সহযোগিতায় এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা বর্তমান নীতিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এ সম্ভাবনা কাজে লাগাতে বড় বড় বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদনে যুক্ত করতে হবে।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনায় যুক্ত করতে হবে। বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে পারলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ খাতে মানুষের অংশগ্রহণও বাড়বে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত