সপ্তাহের দরপতনে শীর্ষে সামিট পাওয়ার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সবচেয়ে বেশি দর হারিয়েছে সামিট পাওয়ার লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৮৩ শতাংশ। দরপতনের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নাভানা ফার্মাসিউটিক্যালস ও কোহিনূর কেমিক্যাল কোম্পানি।

বৃহস্পতিবার ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা থেকে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের শেষ কার্যদিবসে সামিট পাওয়ারের শেয়ারদর দাঁড়িয়েছে ১৪ টাকা ৯০ পয়সায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৬ টাকা ৯০ পয়সা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে শেয়ারপ্রতি দাম কমেছে ২ টাকা।

দরপতনের দ্বিতীয় অবস্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর সপ্তাহজুড়ে ১১ দশমিক ২৭ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর নেমে এসেছে ৫৭ টাকা ৫০ পয়সায়। আগের সপ্তাহে এর শেয়ারদর ছিল ৬৪ টাকা ৮০ পয়সা।

অন্যদিকে, তৃতীয় অবস্থানে থাকা কোহিনূর কেমিক্যাল কোম্পানির শেয়ারদর কমেছে ১০ দশমিক ৯৭ শতাংশ।