অবসরে যাচ্ছেন মুশফিক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল গতকাল সংবাদ সম্মেলনের শুরুটা করেন ‘সম্ভবত এটি আমার সবচেয়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন হতে যাচ্ছে’ বলে। তবে এটাকে সংবাদ সম্মেলন না বলে বরং সংবাদ বিবৃতি বলাই ভালো। সেখানে সাংবাদিকদের কোনো প্রশ্ন না নিয়ে নিজের মতো করেই বলে গেলেন তিনি। প্রায় ৪ মিনিটের তার এই বক্তব্যের পুরোটা মুশফিকুর রহিমকে নিয়ে। বন্ধু ও সাবেক সতীর্থের আন্তর্জাতিক ক্রিকেটের অবসরের ঘোষণাপত্র পড়লেন তিনি।

তামিম শুরুটা করেন এভাবে ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের পর অবসরে যাচ্ছেন। বেশ কয়েক দিন আগে সে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এরপর আমি নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রেখেছি। আমি তাকে বলেছিলাম সে যেন নিজেই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করে।’

আগামী বছরের ৫ ফেব্রুয়ারি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। ১৪ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। এটাই মুশফিকের জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তামিমের অনুরোধ, ‘এখন থেকে ফেব্রুয়ারির ১৪ তারিখে টেস্ট ম্যাচটি শুরু হওয়া পর্যন্ত, আমরা শুধু তার ভালো দিকগুলো নিয়েই ভাবতে চাই। বাংলাদেশ ক্রিকেটের জন্য তার অসাধারণ অবদান, তার ভালো কাজ এবং স্মরণীয় অর্জনগুলোই সামনে আনতে চাই।’

কথাগুলো বলার সময় তামিমের কণ্ঠে ছিল আবেগ, ছিল দীর্ঘদিনের সতীর্থের প্রতি গভীর শ্রদ্ধা। সংবাদ সম্মেলনে এসেছিলেন বিসিবি সভাপতি হিসেবে, কিন্তু তার কাঁধে তখন যেন বন্ধুর বিদায়ের খবর জানানোর ভার। বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘ এক অধ্যায়ের সমাপ্তির ঘোষণা দিতে গিয়ে তামিমও বুঝিয়ে দিলেন, মুশফিকুর রহিমের বিদায় কেবল একজন ক্রিকেটারের অবসর নয়, দেশের ক্রিকেটের জন্যও এক আবেগঘন মুহূর্ত।

দুই দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ৩৯ বছর বয়সী অভিজ্ঞ এ ব্যাটসম্যান অবশেষে থামার সিদ্ধান্ত নিয়েছেন। মুশফিকের সিদ্ধান্তের কথা বেশ কয়েক দিন আগেই জানতে পারা তামিম চেয়েছিলেন, মুশফিক সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন। এমনকি সামাজিক মাধ্যমে কোনো বিবৃতি না দেওয়ার অনুরোধও করেন তাকে।

তামিমের সঙ্গে মুশফিকের সম্পর্কও দীর্ঘদিনের। প্রায় একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা দুজন একসঙ্গে দেখেছেন বাংলাদেশের ক্রিকেটের উত্থান-পতন। সেই সম্পর্কের কথা উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘আমি তাকে ফেসবুকে কোনো বিবৃতি না দেওয়ার জন্যও অনুরোধ করেছিলাম। কারণ সে বাংলাদেশের ক্রিকেটের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবক। আমি চেয়েছিলাম, তার মতো একজন ক্রিকেটারের অবসরের বিষয়টি যথাযথ মর্যাদার সঙ্গে ঘোষণা করা হোক। কিন্তু মুশফিকের অনুরোধেই আজ আমি এ ঘোষণা দিচ্ছি যে, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ টেস্ট ম্যাচ।’

২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয় মুশফিকুর রহিমের। তখন বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করার লড়াইয়ে ব্যস্ত। সেই সময় থেকে শুরু করে দীর্ঘ ২১ বছরের পথচলায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। ক্যারিয়ারের শুরুতে উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা করে নেওয়া মুশফিক সময়ের সঙ্গে হয়ে ওঠেন ব্যাটিং বিভাগের অন্যতম ভরসা। কখনো বিপর্যয়ে দলের হাল ধরেছেন, কখনো কঠিন পরিস্থিতিতে প্রতিরোধ গড়েছেন, আবার কখনো নিজের ব্যাটে লিখেছেন স্মরণীয় জয়ের গল্প।

১০৮ টেস্ট খেলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড তার। ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে করেছেন ৭ হাজার ৬২ রান। টেস্টে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান এখনো তার ধারেকাছেও পৌঁছাতে পারেননি। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার পাশাপাশি প্রথম ৭ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। গত বছর নিজের শততম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের ইনিংস খেলে বিরল এক কীর্তি গড়েন। টেস্ট ইতিহাসে শততম ম্যাচে সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় তিনি ১১তম।

টেস্টে মুশফিকের ১৪ সেঞ্চুরি বাংলাদেশের সর্বোচ্চ। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ২০০ রানের ইনিংস খেলে দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হন তিনি। পরে আরও দুটি ডাবল সেঞ্চুরি করেন। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রানের ইনিংসটি তার ব্যাটিং সামর্থ্যরে আরেকটি বড় প্রমাণ। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকাতেও তিনি বিশেষ জায়গা করে নিয়েছেন।

ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি বাংলাদেশের ঐতিহাসিক সাফল্যেও রয়েছে মুশফিকের গুরুত্বপূর্ণ ভূমিকা। তার নেতৃত্বে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ। পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ম্যাচেও অধিনায়ক ছিলেন তিনি। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সময়ও দলের নেতৃত্বে ছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ৩৪ টেস্টে অধিনায়কত্ব করে সাতটি জয় ও ৯টি ড্র পেয়েছেন তিনি। তার নেতৃত্বে দেশের ক্রিকেট পেয়েছে বেশ কয়েকটি স্মরণীয় মুহূর্ত।

সব সংস্করণ মিলিয়ে ৪৮৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মুশফিক। ১৬ হাজার ৩৫৭ রান নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রাহক তিনি। তার ২৩টি আন্তর্জাতিক সেঞ্চুরি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় সম্পদ। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়ায় টেস্ট ক্রিকেটই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অবলম্বন। এবার সেই সাদা পোশাকও তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে শুরু, ইংল্যান্ডের বিপক্ষেই শেষ মুশফিক অধ্যায়।