আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ব্রাজিলে নেই : রোনালদো

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ এএম

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বর্তমান দলটির ফিফা বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট সামর্থ্য নেই বলে মনে করেন দেশটির ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও। তার মতে, নিজস্ব খেলার ঐতিহ্য হারানো এবং জাতীয় দলের ভেতরে একতার অভাবই সেলেসাওদের পিছিয়ে দিয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক গ্যারি নেভিল এবং লিভারপুলের সাবেক মিডফিল্ডার জেমি ক্যারাঘারের সঞ্চালনায় ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে বর্তমান ব্রাজিল দল নিয়ে খোলামেলা এই মূল্যায়ন তুলে ধরেন রোনালদো। বিশ্বফুটবলের সর্বোচ্চ শিরোপার লড়াইয়ে টিকে থাকার মতো দলগত মান ব্রাজিলের আছে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

একসময় ব্রাজিল ফুটবল মানেই ছিল চোখধাঁধানো ড্রিবলিং, ব্যক্তিগত সৃজনশীলতা আর শৈল্পিক সব গোল। পেলে, গারিঞ্চা, জিকো থেকে শুরু করে রোমারিও, রোনালদিনহো ও রোনালদো নিজে প্রজন্মের পর প্রজন্ম নিজস্ব স্বকীয়তা দিয়ে বিশ্বকে মুগ্ধ করেছেন। সাম্প্রতিক সময়ে নেইমার সেই ধারা এগিয়ে নিয়েছিলেন। তবে রোনালদোর ধারণা, বিশ্বফুটবলে আধিপত্য বিস্তার করা সেই নিজস্ব গুণাবলি থেকে ব্রাজিল ক্রমশ দূরে সরে গেছে।

সাবেক এই স্ট্রাইকারের অভিযোগ, ইউরোপীয় ফুটবল অনুকরণ করতে গিয়ে ব্রাজিল তাদের সহজাত ছন্দ এবং ব্যক্তিগত প্রতিভার ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। রোনালদো বলেন, ‘আমার মনে হয় আমরা ইউরোপীয় খেলোয়াড়দের নকল করছি। আগে আমাদের দেশে শুধু সহজাত প্রতিভার ওপর ভিত্তি করেই প্রবল আত্মবিশ্বাস থাকত। কিন্তু বর্তমান সময়ে ইউরোপীয়রা শারীরিকভাবে বেশি শক্তিশালী, দ্রুতগতির, সুশৃঙ্খল এবং তারা ভালোও খেলছে।’

বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা নিয়ে রোনালদোর মন্তব্য ছিল বেশ স্পষ্ট ও কড়া। তিনি বলেন, ‘বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী নয় ব্রাজিল। আমাদের শক্তিশালী কোনো দল নেই, আমরা ঐক্যবদ্ধও নই।’

রোনালদোর এই মন্তব্য ব্রাজিলিয়ান ফুটবলের ভবিষ্যৎ গতিপথ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে আধুনিক ফুটবলের শারীরিক চাহিদা ও কৌশলগত শৃঙ্খলার সঙ্গে ব্রাজিলের চিরচেনা সৃজনশীলতা ও সহজাত ছন্দের সমন্বয় ঘটানোই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ।

সর্বশেষ সর্বাধিক পঠিত