মধুমতী সেতুতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষের কারণে খুলনা-মাওয়া মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মধুমতী সেতুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে অগ্রসর হন। এ সময় মধুমতী নদীর এপারে দেশীয় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা।

একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

সংঘর্ষের কারণে মধুমতী সেতু ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে দেন। একই সঙ্গে খুলনা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার পর মোল্লাহাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা এলাকায় অবস্থান করছেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, সন্ধ্যায় গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে মধুমতী সেতুর টোলপ্লাজা এলাকায় এলে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।