চৌদ্দগ্রামে মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় মহাসড়কে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

শনিবার রাত ১১টার পর মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারসংলগ্ন ট্রেনিং সেন্টার কালিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন যানবাহন ভাঙচুর করেন, ককটেল বিস্ফোরণ ঘটান এবং একটি গাড়িতে আগুন দেন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরাও মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে পুলিশ এবং বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের অবস্থান জোরদার হলে অবরোধকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। তবে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান মহাসড়কের মাঝখানে রেখে যাওয়ায় ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের বিভিন্ন স্থানে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অবস্থান নেন। পাশাপাশি বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরাও সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।