মৌসুম শেষেও হিমাগারে আলুর স্তূপ

আলু চাষে একের পর এক লোকসান গুনছেন রাজশাহী অঞ্চল ও কিশোরগঞ্জের কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন খরচের সঙ্গে হিমাগারে সংরক্ষণের ব্যয় যোগ করে মিলছে না বিনিয়োগের অর্ধেক টাকাও। গত দুই বছর একই পরিস্থিতিতে পড়েছেন তারা। এবারও বাজারে আলুর দাম তলানিতে। আগামী মাসেই নতুন মৌসুমের আলু উঠতে শুরু করবে। অথচ গত মৌসুমের অর্ধেকের বেশি আলু এখনো পড়ে আছে হিমাগারে। প্রতি কেজিতে লোকসান গুনতে হচ্ছে ১২ থেকে ১৫ টাকা। এতে একদিকে পুঁজি হারানোর শঙ্কা, অন্যদিকে নতুন করে আলু চাষের বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।  

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে খুচরা বাজারে কেজিপ্রতি ২০ থেকে ২২ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। তবে পাইকারি বিক্রি করতে গিয়ে আলুচাষি ও ব্যবসায়ীদের হাতে আসছে কেজিপ্রতি ১০ থেকে ১২ টাকা। অথচ উৎপাদন ও হিমাগারে সংরক্ষণসহ প্রতি কেজি আলুতে খরচ পড়েছে ২৫ থেকে ২৭ টাকা। অর্থাৎ বিক্রয়মূল্য উৎপাদন ও সংরক্ষণ ব্যয়ের অর্ধেকেরও কম। দীর্ঘদিন হিমাগারে আলু পড়ে থাকায় ব্যবসার পুঁজিও আটকে আছে। আবার নির্ধারিত সময়ের মধ্যে আলু বের করতেই হবে হিমাগার থেকে।

রাজশাহী জেলায় মোট হিমাগার রয়েছে ৩৬টি। কিশোরগঞ্জ জেলায় আছে দুটি সরকারিসহ মোট ছয়টি। এর মধ্যে পাকুন্দিয়ায় একটি সরকারি ও দুটি বেসরকারি, জেলা সদরে একটি সরকারি এবং ভৈরবে দুটি বেসরকারি হিমাগার রয়েছে। হিমাগার কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহী ও কিশোরগঞ্জের এসব হিমাগারে এখনো প্রায় অর্ধেক আলু মজুদ রয়েছে। নতুন আলু বাজারে আসার আগে পুরনো আলু বিক্রি করতে না পারলে দাম আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এতে লোকসানের বোঝা আরও বাড়বে।

এর মধ্যে হিমাগার থেকে আলু সরিয়ে নেওয়ার সময়সীমাও ঘনিয়ে এসেছে। চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে এসব আলু সংরক্ষণ করা হয়েছিল। সাধারণত ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের সময় নির্ধারিত থাকে। তবে চাষি ও ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে অনেক হিমাগার কর্তৃপক্ষ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এরপরও আলু সরিয়ে না নিলে নিলামে বিক্রি কিংবা ফেলে দেওয়ার কথা জানিয়েছে তারা। ফলে কম দামে আলু বিক্রি করলেও লোকসান, আর সময়মতো সরাতে না পারলে মজুদ হারানোর শঙ্কা দুই সংকটে পড়েছেন ব্যবসায়ীরা।

সম্প্রতি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পূর্বাচল হিমাগার ও এগারসিন্দুর কোল্ড স্টোরেজ ঘুরে দেখা যায়, মৌসুমের শেষ সময়েও হিমাগারগুলোয় আলু খালাসের তেমন ব্যস্ততা নেই। ভেতরে সারি সারি সাজানো আলুর বস্তা। কেউ বস্তা খুলে আলু বের করছেন, কেউ করছেন পরিচর্যা। তবে বাজারে ক্রেতা না থাকায় অধিকাংশ কৃষক ও ব্যবসায়ী আলু বের করতে আগ্রহ দেখাচ্ছেন না।

হোসেনপুরের আলু ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, তিনি এগারসিন্দুর কোল্ড স্টোরেজে ২ হাজার ২০০ বস্তা আলু রেখেছিলেন। কেনা, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি কেজিতে খরচ পড়েছে ২৩-২৪ টাকা। শুরুতে বাজারদর ছিল ১৬ থেকে ১৭ টাকা। এখন তা ১০ থেকে ১১ টাকায় নেমেছে। এতে প্রতি কেজিতে ১১ থেকে ১২ টাকা লোকসান হচ্ছে।

পাকুন্দিয়ার সুখিয়া গ্রামের আলুচাষি রিপন মিয়া বলেন, কৃষিতে উৎপাদন খরচ বেড়েছে। অনেক কষ্ট করে আলু উৎপাদন করে হিমাগারে রেখেছিলাম ভালো দাম পাওয়ার আশায়। এখন ভরা মৌসুমেও ক্রেতা নেই, দামও কমে গেছে। এতে আমরা বিপাকে পড়েছি।

রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকার আলু ব্যবসায়ী হেলাল আলী বলেন, তার হিমাগারে এখনো ৬০ শতাংশ আলু পড়ে আছে। ডিসেম্বরের মধ্যে সেগুলো সরিয়ে নিতে বলেছে হিমাগার কর্তৃপক্ষ। তিনি বলেন, আর মাত্র এক মাস সময়। এত অল্প সময়ে এত আলু কীভাবে বিক্রি করব? বাজারে আলুর দাম নেই। বিক্রি করলেও খরচ উঠছে না। এখন আলু বের করলে লোকসান, আর না বের করলে হিমাগার থেকে সরিয়ে নেওয়ার চাপ। দুদিক থেকেই আমরা বিপদে পড়েছি।

তানোর উপজেলার আলুচাষি রহিম আলীর ২০০ বস্তা আলুর মধ্যে এখনো ১২০ বস্তা তামান্না হিমাগারে রয়েছে। তিনি বলেন, হাতে সময় আছে মাত্র এক মাস। এই সময়ের মধ্যে এত আলু কোথায় বিক্রি করব? আলু চাষে লাভের আশায় টাকা বিনিয়োগ করেছিলাম। এখন উৎপাদন খরচই উঠছে না। বিক্রি করে খরচের টাকা না পেলে আগামী মৌসুমে কীভাবে চাষ করব, সেই চিন্তায় আছি।

হিমাগার কর্তৃপক্ষও স্বীকার করছে, এখনো উল্লেখযোগ্য পরিমাণ আলু অবিক্রীত রয়েছে। পবা উপজেলার তকিপুর আসমা কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক আশরাফ আলী বলেন, তাদের হিমাগারে ১ লাখ ৪০ হাজার বস্তা আলু সংরক্ষণের সক্ষমতা রয়েছে। বর্তমানে মজুদ আছে প্রায় ৫৬ হাজার বস্তা। ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ডিসেম্বর পর্যন্ত আলু রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর মধ্যে আলু সরিয়ে নিতে ব্যবসায়ীদের নোটিস দেওয়া হবে।

অন্যদিকে রহমান স্পেশাল কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক আবদুল খালেক জানান, তাদের হিমাগারের ধারণক্ষমতা ৫ লাখ ৭৫ হাজার বস্তা। বর্তমানে সেখানে আলু রয়েছে প্রায় সোয়া ২ লাখ বস্তা। ৩০ নভেম্বর পর্যন্ত সংরক্ষণের সময়সীমা নির্ধারিত থাকলেও ব্যবসায়ীরা এর আগেই আলু সরিয়ে নেবেন বলে আশা করছেন তিনি। তার ভাষ্য কয়েক দিন হিমাগার থেকে আলু বের করার পরিমাণ বেড়েছে।

পাকুন্দিয়ার এগারসিন্দুর কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আলতাফ হোসেন জানান, এ বছর তাদের হিমাগারে ১ লাখ ৩৯ হাজার ১৭৪ বস্তা আলু সংরক্ষণ করা হয়েছিল। ৭ নভেম্বর পর্যন্ত খালাস হয়েছে ৮৩ হাজার ৫০০ বস্তা। এখনো ৫৫ হাজার ৬৭৪ বস্তা আলু রয়ে গেছে। দরপতনের কারণে কৃষক ও ব্যবসায়ীরা আলু উত্তোলনের পরিমাণ কমিয়ে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সব আলু খালাস হওয়ার সম্ভাবনা নেই।

রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি বলেন, গত ২ বছরই আলুচাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। চলতি মৌসুমেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যবসায়ীরা দাম পাচ্ছেন ১০ টাকারও কম। আবার হিমাগার থেকে আলু বের করার পর বস্তা থেকে বাছাই করে পচা ও নিম্নমানের আলু বাদ দিতে হয়। এতে বিক্রিযোগ্য আলুর পরিমাণ কমে যায়। তিনি বলেন, কয়েক বছর ধারাবাহিক লোকসানের কারণে আগামী মৌসুমে রাজশাহী অঞ্চলে আলুর আবাদ কমে যেতে পারে। এতে শুধু কৃষক ও ব্যবসায়ীরাই নন, আলু উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের সঙ্গে যুক্ত অন্যরাও ক্ষতিগ্রস্ত হবেন।

পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে ই আলম বলেন, একই ফসলের ওপর নির্ভরশীল না হয়ে কৃষকদের শস্য বহুমুখীকরণ করতে হবে। রবি মৌসুমে আলুর পাশাপাশি সরিষা ও গম চাষে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি অল্প জমিতে ভুট্টা, পেঁয়াজ ও শীতকালীন শাকসবজি আবাদ করা যেতে পারে। এতে একটি ফসলে লোকসান হলেও অন্য ফসলের লাভ দিয়ে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। শস্য বহুমুখীকরণের মাধ্যমে কৃষকের আর্থিক ঝুঁকি কমানো সম্ভব। তবে উৎপাদিত আলু দেশের বাইরে রপ্তানির ব্যবস্থা না করা গেলে এবং সঠিক বাজারজাতের অভাবে পাট, আখের মতো সম্ভাবনাময় এই ফসল আবাদও আশঙ্কাজনক হারে কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।