দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা অব্যাহত রয়েছে। সিলেটে সংসদ সদস্য ও বিএনপি নেতা এম এ মালিকের বাসায় এবং রাজশাহীতে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্রে পেট্রোলবোমা হামলা হয়েছে।
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস সম্পূর্ণ পুড়ে গেছে। ভোলার লালমোহনে বিএনপি কার্যালয় এবং নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। নাশকতামূলক কর্মকা- এড়াতে চট্টগ্রাম নগরে রাতে বিভিন্ন ট্রাফিক বক্সে ট্রাফিক সার্জেন্ট ও কনস্টেবল মোতায়েন করা হয়েছে। এ নিয়ে আমাদের ব্যুরো অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত-
সিলেট : সিলেটের দক্ষিণ সুরমার তেতলি এলাকায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য, বিএনপি নেতা এম এ মালিকের বাসায় গত শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বসতঘরের টিনের চালে আগুন ধরে যায়। তবে বাসার লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সময় এম এ মালিক বাসায়ই ছিলেন।
এমপি মালিকের বাসাটি সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত। পুলিশ জানায়, পিকআপে করে আসা কয়েকজন এম এ মালিকের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এ সময় বাসভবনে থাকা নৈশপ্রহরী দ্রুত তৎপর হলে হামলাকারীরা পালিয়ে যায়। নৈশপ্রহরীরাও দ্রুত আগুন নিভিয়ে ফেলে। সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
এ ব্যাপারে এমপি মালিক বলেন, ‘পতিত ফ্যাসিস্টরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে আমি তাদের ভয়ে ভীত নই। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা সম্মিলিতভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশছাড়া করেছি, এ দেশে তাদের আর কোনো স্থান নেই।’
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরে নাশকতামূলক কর্মকা- এড়াতে রাতে বিভিন্ন ট্রাফিক বক্সে ট্রাফিক সার্জেন্ট ও কনস্টেবল মোতায়েন করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত নগর ট্রাফিক পুলিশের চারটি জোনে ডিউটি করছেন ট্রাফিক সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ কনস্টেবলরা। এর আগে ২৬ নভেম্বর ট্রাফিক বক্সসমূহে রাত্রিকালীন ডিউটির আদেশ জারি করেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হোসাইন কবির ভূঁইয়া।
সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘নগরের নিরাপত্তা জোরদার করতে রাত্রিকালীন থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশের ডিউটি বাড়ানো হয়েছে। এ ছাড়া নাশকতা মোকাবিলায় রাতে থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা জোরদার করার কথা রয়েছে।’
পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে আরাফাত পরিবহনের ওই বাসটির (নম্বর খুলনা-ব-১১৫) পেছনের অংশ ও কয়েকটি আসন পুড়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন । এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
একই রাতে উপজেলার ধানিসাফা ইউনিয়ন বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের সামনে দেয়ালের পাশে এবং দেয়ালের ওপর দিয়ে ভেতরের দিকে কেরোসিন ঢেলে কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দেয়।
ভোলা : ভোলার লালমোহনে শুক্রবার দিবাগত রাতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনের একটি পান দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কার্যালয়ে আগুন দিয়েছে। লালমোহন থানার ওসি নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নাটোর : নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড় এলাকার (সরকারি গণগ্রন্থাগার) সামনে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মুখোশধারী এক যুবক জুলাই স্মৃতি স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। আগুন ধরা মাত্রই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে দেখা যায় তাকে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান জানান, দুজন যুবক জুলাই স্মৃতিস্তম্ভে গোড়ায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় আমাদের পুলিশ সদস্যরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
রাজশাহী : রাজশাহীর পবা উপজেলার খরখড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পেট্রোলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। সূত্র জানায়, ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত ওই উপকেন্দ্রে কয়েকটি বোমা ছোড়ে। এর মধ্যে দুটি বোমা বিস্ফোরিত হয়। আরও চারটি বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ায় উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কিছু সময়ের জন্য বিঘিœত হয়। রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার গাজিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বলাইখা এলাকায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছয়টি মোটরসাইকেলে ১২ জন এসে দেশীয় অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষীকে হুমকি দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এর আগে রাত পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে একটি চলন্ত বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী ‘ভুলতা গাউছিয়া পরিবহন’-এর বাসটিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নাশকতায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
ঢাকায় পুলিশের গাড়ি ও বাসে আগুন : রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, মিরপুর-১০ থেকে মিরপুর-১ অভিমুখে চলাচলের সময় বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ১৫-৮৫০৮।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে যানবাহনটি পুড়ে যায়।
মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় বাসটির চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছেন। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন চট্টগ্রাম ব্যুরো, নিজস্ব প্রতিবেদক, ঢাকা, সিলেট ও রাজশাহী এবং পিরোজপুর, ভোলা, নাটোর, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ও সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি]