মাদারীপুরের কালকিনি রণক্ষেত্র অর্ধশত ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গত শুক্রবার রাত ৮টার পর শুরু হওয়া এ সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা ধরে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ছাড়া একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। সংঘর্ষে আহত ব্যক্তিদের নাম-পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে এমন ভয়াবহ সংঘর্ষ আর হয়নি বলে একজন প্রত্যক্ষ্যদর্শী জানিয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার ঠেঙ্গামারা এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু ও ছাত্রলীগের সভাপতি বাকামিনের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজারসংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি হয়। এ সময় দুই দলের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়  অন্তত পাঁচজন আহত হয়। পরে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে পুলিশ, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অবস্থান করছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর এমন রাজনৈতিক সংঘাত এই প্রথম। গত আড়াই বছরে এমন সংঘর্ষ দেখিনি। ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি উভয় পক্ষই হাতবোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্যকর ব্যবস্থা নেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। গোটা এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের কারণ, হতাহতের প্রকৃত সংখ্যা ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ মুখোমুখি, গোপালগঞ্জ-বাগেরহাট সীমান্তে উত্তেজনা : বাগেরহাট প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ ও বাগেরহাট জেলা সীমান্তের মোল্লাহাট ব্রিজের দুপাড়ে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান নিয়ে পাল্টাপাল্টি সেøাগান দিতে দেখা যায়। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোল্লাহাট উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রেজওয়ান চৌধূরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ মোল্লাহাট উপজেলার আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের হাজার হাজার মানুষ গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নে ভাটিয়াড়া মাঠে মিলিত হয়। ভাটিয়াপাড়া মোল্লাহাট উপজেলা সদর  থেকে এক কিলোমিটর দূরে। পরে সেখান থেকে আমরা মিছিল নিয়ে মোল্লাহাট ব্রিজের গোপালগঞ্জ অংশে অবস্থান নিয়ে সেøাগান দিতে থাকি। ব্রিজের অপর প্রান্তে মোল্লাহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়। পরে আমরা মোল্লাহাট ব্রিজের গোপালগঞ্জের অংশ থেকে ফিরে আসি। সেখানে কোনো ধাওয়া-পাল্টাধাওয়া বা ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেনি। ফেসবুকে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওটিও ঠিক নয়। কারণ আমাদের সঙ্গে বিএনপির মুখোমুখি হওয়ার কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে মোল্লাহাট থানার ওসি মো. শফিকুল ইসলামকে ফোন দিলে তিনি ফোন ধরেননি। এ কারণে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।