রাঙ্গামাটির বাঘাইছড়ি

রহস্যময় তিন ড্রোন লক্ষ্য করে বিজিবির ১৫ রাউন্ড গুলি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে রাতের আকাশে রহস্যময় তিনটি ড্রোনের উপস্থিতি লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার রাত ১০টার দিকে ২৭ বিজিবির মারিশ্যা জোনের হেলিপ্যাডের ওপর ড্রোনগুলো দেখতে পেয়ে এলএমজি (লাইট মেশিনগান) দিয়ে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। তবে গুলির পর ড্রোনগুলো দ্রুত স্থান ত্যাগ করে দূরে সরে যায়।

২৭ বিজিবি মারিশ্যা জোন সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে হঠাৎ জোনের হেলিপ্যাডের ওপর আকাশে তিনটি রহস্যময় ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি নজরে আসার পরপরই  জোনের আশপাশের সব বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) ক্যাম্পকে সতর্ক করা হয়।

পরে জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের (পিএসসি) নির্দেশনায় ড্রোনগুলো ভূপাতিত করার লক্ষ্যে এলএমজি দিয়ে ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে ড্রোনগুলো ভূপাতিত হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হেলিপ্যাডের ওপর রহস্যজনকভাবে তিনটি ড্রোন উড়তে দেখে তাৎক্ষণিকভাবে আশপাশের বিওপি ক্যাম্পগুলোকে সতর্ক করা হয়।

সংশ্লিষ্টদের ধারণা, পাহাড়ের চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো পক্ষ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তবে ড্রোনগুলোর মালিকানা, নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা সেগুলো ওড়ানোর উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে। এ ঘটনার পর জোনের আওতাধীন সব বিওপিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।