বহুমুখী কৌশলে বিএনপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল, নাশকতা এবং শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ক্ষমতাসীন বিএনপি বহুমুখী কৌশল গ্রহণ করেছে। দলটির নেতারা বলছেন, যে জনগণ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে সেই জনগণকে সঙ্গে নিয়েই দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধ্বংসাত্মক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। পাশাপাশি যেহেতু দলটি সরকারে রয়েছে, সেহেতু সরকারও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আইনি পদক্ষেপ নেবে।

সংশ্লিষ্ট সূত্রের আভিযোগ, আওয়ামী লীগের পলাতক নেতারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছে অরাজকতা তৈরি করতে। এ জন্য মোবাইল ব্যাংকিংয়ের যত মাধ্যমে রয়েছে সেগুলোতে নজর রাখবে আইনশৃঙ্খলা বাহিনী। এর বাইরে সামাজিক মাধ্যমে অপতথ্য ছড়ানো বন্ধে নজরদারি অব্যাহত থাকবে। সারা দেশের যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে সেখানে দলীয় এমপিরা সক্রিয় ছিলেন কি না সে বিষয়েও খোঁজখবর রাখবে বিএনপি।

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দেশ রূপান্তরকে বলেন, ‘জনগণের জানমাল রক্ষায় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। ঢাকার আশপাশের জেলার নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সবাই নিজ নিজ এলাকায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু দেশ রূপান্তরকে বলেন, ‘৫ আগস্টের আগে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণ রাজপথে নেমে এসেছিল। তারাই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতা থেকে তাড়িয়েছে। ৫ আগস্টের আগের মতোই জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী কর্মকান্ড মোকাবিলা করা হবে।’

গত ২৬ নভেম্বর তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা মোকাবিলায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পাঁচ সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। টিমের সদস্যরা হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দলের প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপু ও বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা। টিমকে সার্বিকভাবে সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ডিসেম্বর মাসকে সামনে রেখে তৃণমূলে সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখা এই টিমের প্রধান লক্ষ্য। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার আশঙ্কায় কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়ে তৃণমূল নেতাদের সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে স্থানীয় সাংগঠনিক শক্তি, অভ্যন্তরীণ বিরোধ ও দুর্বলতা নিয়ে আলোচনা করেছে টিমটি।

এদিকে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অভিযোগ করেছেন, শুরুতে সরকারের নমনীয়তা ও আইনি শিথিলতার সুযোগেই আওয়ামী লীগ আবার সংগঠিত হয়ে নাশকতা করার সুযোগ পেয়েছে। এ ছাড়া সারা দেশে বিএনপি নেতাদের কেউ কেউ নিজেদের স্বার্থে আওয়ামী লীগের দোসরদের জায়গা করে দিচ্ছে। বিরোধী দলগুলোর এসব অভিযোগ উড়িয়ে না দিয়ে বরং যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এর অংশ হিসেবে গত ২৫ নভেম্বর বগুড়া জেলা বিএনপির শিল্প-বাণিজ্যবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজানকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। একইসঙ্গে তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দলটি। তার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ আনা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল, নাশকতা এবং শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বিএনপি রাজপথে সক্রিয় অবস্থান ও বিজয়ের মাসের কর্মসূচি ঘোষণা করেছে। গত সপ্তাহে রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতারা বৈঠক করেছেন। এরপর দলের স্থায়ী কমিটি, অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি ঢাকার আশপাশের জেলার নেতাদের নিয়ে যৌথসভা করেছেন। বৈঠকে ঢাকার রাজপথ ও প্রবেশদ্বারগুলোতে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১ ডিসেম্বর থেকে রাজধানীতে মহাসমাবেশসহ বিজয়ের মাসজুড়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান নিজেও অংশ নেবেন। এ ছাড়া দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে অতীতে বহিষ্কৃত পরীক্ষিত নেতাকর্মীদের আবেদন যাচাই-বাছাই করে দলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার চলমান রয়েছে। এ ছাড়া প্রতিটি নাশকতার ভিডিও ফুটেজ ও ছবি দেখে জড়িতদের আইনের আওতায় আনা এবং ঝটিকা মিছিল ও গুপ্ত হামলা ঠেকাতে দেশব্যাপী যৌথ ও সাঁড়াশি অভিযান জোরদার করা হবে। তবে এ বিষয়ে অতিরিক্ত বলপ্রয়োগ এড়িয়ে গণতান্ত্রিক আচরণ করা হবে। সরকার কোনো গুম, খুন, ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকা-ের পথে হাঁটবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত বলপ্রয়োগ না করে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে বলা হয়েছে। তবে জনগণের জানমালের নিরাপত্তার প্রয়োজনে আইনানুগভাবে কঠোর অবস্থান নেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে।

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বস্ত্র ও পাটি প্রতিমন্ত্রী শরিফুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী তান্ডব মোকাবিলায় নিজ নির্বাচনী এলাকায় রয়েছি। তাদের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে ছিলাম, আছি ও থাকব।’

রাজবাড়ি-২ আসনের এমপি হারুন অর রশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মেনে সংসদ অধিবেশন শেষ হওয়ার দিনই নিজ নির্বাচনী এলাকায় ফিরে এসেছি। এখন এলাকায় রয়েছি। প্রতিদিনই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নানা কর্মসূচি পালন করছি। এসব কর্মসূচি অব্যাহত থাকবে।’

এদিকে গতকাল গুলশানে দলের চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে যুবদল কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুবদলের নেতারা দেশ রূপান্তরকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী দেশব্যাপী আওয়ামী লীগের তাণ্ডব মোকাবিলায় যুবদলের নেতাদের রাজপথে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ যুবদল নেতারা অংশ নেন।

জামায়াত-এনসিপিও রাজপথে সক্রিয় : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতা প্রতিরোধে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি রাজপথে সক্রিয় অবস্থান নিয়েছে। বিএনপি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি অতীতে বিজয়ের মাসে জামায়াতের তেমন কর্মসূচি না থাকলেও এবার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে দলটি পুরো ডিসেম্বর মাসজুড়ে আলোচনা সভা, দোয়া, রক্তদান ও গণসংযোগের মতো ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে। এ ছাড়া এনসিপিও কর্মসূচি ঘোষণা করেছে।

নভেম্বরের মাঝামাঝি সময়ে সারা দেশে এনসিপির বেশ কয়েকজন নেতার বাড়িতে হামলা ও লন্ডনে আহ্বায়ক নাহিদ ইসলাম হেনস্তার শিকার হওয়ার পর দলটি অবস্থান পরিবর্তন করে। ১৯ নভেম্বর জরুরি বৈঠক শেষে এনসিপি ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ ও প্রতিবাদ সভার ঘোষণা দেয় এবং ঢাকায় বড় আকারের মোটরসাইকেল শোডাউন করে।