গোপালগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউন, দোকানপাট বন্ধ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকেই গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহনও।

শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে দু-একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। স্থানীয়রা জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের ৬৭ কিলোমিটারের কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়া হয়েছে।

লকডাউনের কারণে সকাল থেকে গোপালগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সাধারণ মানুষের চলাচলও সীমিত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে বিজিবি। গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চৌকি বসিয়েছে পুলিশ। পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার সামনে দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হেলালউদ্দিন ভূঁইয়া জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। জনসাধারণের জানমাল ও সরকারি সম্পত্তি সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার নিরাপত্তায় বর্তমানে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন।