টেকেরহাটে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোররাত ৪টা থেকে শুরু হওয়া এ অবরোধের কারণে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন দূরদূরান্ত থেকে আসা যাত্রী ও চালকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাত থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম সকালে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং মাইকে জরুরি যানবাহন ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার জন্য সবার প্রতি আহ্বান জানান।