শরীয়তপুর জেলার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার কাছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন ২০ জন। সংঘর্ষের সময় পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরণ এবং বেশ কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রবিবার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জমাদ্দার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছেন পুলিশের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ।
নিহত ইব্রাহিম সিপাহী (৩০) শরীয়তপুর সদর উপজেলার সোনামুখী এলাকার হাফিজউদ্দিন সিপাহীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে ভোর ৫টার দিকে দলটির নেতাকর্মীরা লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে কর্মসূচি প্রতিহত করতে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।
দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের মধ্যে পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ফুড এক্সপ্রেস রেস্টুরেন্ট, পদ্মা ফুড ভ্যালি রেস্টুরেন্টসহ কয়েকটি বাস কাউন্টারে অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় অন্তত ২৫টি মোটরসাইকেল। এছাড়া বিএনপির তৈরি করা একটি প্যান্ডেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাহী নিহত হন। এ ঘটনায় আহত হন ২০ জন।
একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ স্থানে সরে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বিক্ষোভকারীরাও সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, সকালে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।